কাতারের আধুনিক স্থাপত্যের অনন্য রূপকার ইমাম আবদুল ওয়াহহাব মসজিদ

সংগৃহীত ছবি
পারস্য উপসাগরের সমৃদ্ধ দেশ কাতারের রাজধানী দোহায় অবস্থিত ‘ইমাম মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহহাব মসজিদ’। এটি দেশটির সর্ববৃহৎ এবং জাতীয় মসজিদ। বহির্বিশ্ব ও স্থানীয়দের কাছে এটি ‘কাতার স্টেট গ্র্যান্ড মসজিদ’ নামেও বেশ পরিচিত। ঐতিহ্যবাহী আরব স্থাপত্যশৈলীর সঙ্গে আধুনিক প্রযুক্তির দারুণ সমন্বয় ঘটেছে এই স্থাপনায়।
বিশাল আয়তন আর নান্দনিক নকশার কারণে এটি প্রথম দেখাতেই যে কারও নজর কাড়ে। উদ্বোধনের পর থেকেই এটি হয়ে উঠেছে কাতারের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রধান প্রতীক। প্রতিদিন অসংখ্য মুসল্লি ও পর্যটক এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে এবং ইবাদত করতে এখানে ভিড় জমান।
ইতিহাস ও নামকরণ
ঐতিহাসিক এই মসজিদটির শুরুর ইতিহাসের সঙ্গে আধুনিক কাতারের স্থপতি শেখ জসিম বিন মোহাম্মদ আল থানির নাম জড়িয়ে আছে। ১৮৭৮ সালে তিনি প্রথম এই মসজিদটি নির্মাণ করেন।
প্রিয় বাবার স্মৃতি চিরস্মরণীয় করে রাখতেই শেখ জসিম এই মহৎ উদ্যোগ নিয়েছিলেন। প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় মসজিদটি তার আদি পরিচয়েই পরিচিত ছিল।
পরে মসজিদটির একটি নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। আঠারো শতকের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও সমাজসংস্কারক ইমাম মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহহাবের নামানুসারে এর নাম রাখা হয়। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই মসজিদটির এই নামকরণ করা হয়েছিল।
পুনর্নির্মাণ ও উদ্বোধন
সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটিতে বাড়তে থাকে মুসল্লিদের সংখ্যা। সবার নামাজের জায়গা নিশ্চিত করতে মসজিদটি বড় করার প্রয়োজন দেখা দেয়। সেই লক্ষ্যে ২০০৬ সালের ১৬ ডিসেম্বর এর ব্যাপক সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়। কাতারের খ্যাতিমান স্থপতি ইব্রাহিম মোহাম্মদ জাইদাহ নতুন এই স্থাপনার নকশা তৈরি করেন।
বিশাল এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় প্রায় ৪২০ মিলিয়ন কাতারি রিয়াল। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৪৪৫ কোটি টাকা। নির্মাণকাজ শেষে ২০১১ সালের ১৬ ডিসেম্বর মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কাতারের তৎকালীন আমির প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানি এর উদ্বোধন করেন।
অনন্য স্থাপত্যশৈলী
কাতারের জাতীয় মসজিদটি স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। বিশাল এই মসজিদ কমপ্লেক্সটি ১ লাখ ৭৫ হাজার বর্গমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। দোহার ঐতিহাসিক ‘আবু আল কুবাইব’ মসজিদের আদলে এর নকশা করা হয়েছে। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি পুরো স্থাপনাটি নির্মাণে ব্যবহার করা হয়েছে বেলেপাথর ও দামি মার্বেল।
মসজিদটির ছাদের গঠন অত্যন্ত আকর্ষণীয়। এতে ছোট-বড় মিলিয়ে রয়েছে ৯৩টি গম্বুজ। এর মধ্যে মূল নামাজ ঘরের ওপরে শোভা পাচ্ছে ২৮টি বড় গম্বুজ। আর বাইরের চত্বর ঘিরে রয়েছে আরও ৬৫টি ছোট গম্বুজ। দূর থেকে দেখলে গম্বুজগুলোর এই বিন্যাস চোখে এনে দেয় এক প্রশান্তি। এ ছাড়া মসজিদটির একপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি সুউচ্চ মিনার।
ভেতরের অন্দরসজ্জাও বেশ নজরকাড়া। মসজিদের অভ্যন্তরে তামার তৈরি ২৮টি দৃষ্টিনন্দন ঝাড়বাতি ঝোলানো রয়েছে। দিনের আলোয় এর কারুকাজ যেমন মুগ্ধ করে, তেমনি রাতের বেলায় ঝাড়বাতিগুলোর আলো পুরো পরিবেশে এক মায়াবী আবহ তৈরি করে। ঐতিহ্যবাহী ইসলামি স্থাপত্যের এই চমৎকার নিদর্শনটি দেখতে প্রতিদিনই ভিড় জমান দেশি-বিদেশি অসংখ্য মুসল্লি ও পর্যটক।
দোহা প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদটিতে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন ৩০ হাজারেরও বেশি মুসল্লি। বিশাল এই মসজিদে মুসল্লিদের আরামের জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে।মসজিদটির মূল হলরুমটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। সেখানে একসঙ্গে প্রায় ১১ হাজার পুরুষ মুসল্লি নামাজ পড়তে পারেন। নারীদের নামাজের জন্যও রয়েছে সম্পূর্ণ আলাদা ও নিরাপদ ব্যবস্থা। সেখানে একসঙ্গে ১ হাজার ২০০ নারী মুসল্লি নামাজ আদায় করতে পারেন।মূল ভবনের বাইরেও রয়েছে বিশাল উন্মুক্ত চত্বর। বড় জামাত বা বিশেষ দিনে বাকি মুসল্লিরা সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।নামাজের পাশাপাশি এখানে ধর্মীয় জ্ঞান চর্চার দারুণ পরিবেশ রয়েছে। মসজিদটিতে আছে তিনটি সমৃদ্ধ লাইব্রেরি। পবিত্র কোরআন হিফজ বা মুখস্থ করার জন্য তৈরি করা হয়েছে আলাদা কক্ষ। এ ছাড়া বয়ান ও খুতবা সবার কাছে স্পষ্টভাবে পৌঁছে দিতে আধুনিক অডিও-ভিজ্যুয়াল এবং সম্প্রচার ব্যবস্থা যুক্ত করা হয়েছে।মুসল্লিদের সুবিধার্থে পুরুষ ও নারীদের জন্য রয়েছে পৃথক ও পরিচ্ছন্ন অজুখানা। মসজিদটির চারপাশে সবুজ বাগান তৈরি করা হয়েছে, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াত সহজ করতে এখানে রাখা হয়েছে বিশাল পার্কিং ব্যবস্থা। সেখানে একসঙ্গে প্রায় ৩ হাজার গাড়ি পার্ক করা যায়।বর্তমানে ইমাম মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহহাব মসজিদ কাতারের রাষ্ট্রীয় ও ধর্মীয় জীবনের মূল কেন্দ্রবিন্দু। দেশটির সবচেয়ে বড় ধর্মীয় জমায়েতগুলো এখানেই অনুষ্ঠিত হয়। প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার প্রধান জামাত আদায় করা হয় এই মসজিদে। কাতারের আমিরসহ রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিরা সাধারণ মানুষের সঙ্গে কাতারে দাঁড়িয়ে এখানে ঈদের নামাজ পড়েন। এ ছাড়া পবিত্র রমজান মাসে এখানে বিশেষ তারাবিহ নামাজের আয়োজন করা হয়। দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লি এই জামাতে অংশ নিতে ভিড় জমান।ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি মসজিদটি এখন পরিণত হয়েছে একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এখানে আসেন। নামাজের নির্ধারিত সময় বাদে দিনের অন্যান্য সময়ে অমুসলিম পর্যটকরাও মসজিদটি ঘুরে দেখার সুযোগ পান। তবে ভেতরে প্রবেশের জন্য তাদের অবশ্যই শালীন পোশাক পরিধান করতে হয়। দর্শনার্থীরা অত্যন্ত কাছ থেকে মসজিদটির অনন্য স্থাপত্যশৈলী ও কারুকাজ উপভোগ করতে পারেন।



