শ্যামাপূজায় আলোর উৎসব

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দীপাবলি উপলক্ষে হাতে প্রদীপ নিয়ে উৎসবে অংশ নেয় এক শিশু। গতকাল রাজধানীর বাসাবো কালীমন্দিরে -শামীম-উস-সালেহীন
দেশবাসী এবং বিশ্বমানবতার কল্যাণ কামনায় গতকাল রবিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা। এই পূজা দীপাবলি উৎসব নামেও পরিচিত। শ্যামাপূজার সন্ধ্যায় প্রদীপের মঙ্গল আলোয় আলোকিত হয় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের প্রতিটি গৃহ। মৃত স্বজনদের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে পানিতে ভাসিয়ে দেন অনেকেই। কার্তিকী অমাবস্যার রাতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা করেন পুরোহিত।
মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে শ্যামাপূজা উদযাপিত হয়। এর আগে সন্ধ্যায় দীপাবলি উদযাপনের জন্য মন্দিরের মেলাঙ্গনসহ পুকুরঘাটে প্রজ্বালন করা হয় সহস্র মঙ্গল প্রদীপ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা প্রদীপ প্রজ্বালন করেন। এ সময় মন্দিরে আসা ভক্তরাও তাদের মৃত স্বজনদের মঙ্গল কামনায় প্রজ্বালন করেন প্রদীপ।
দীপাবলি অর্থ আলোর উৎসব। এ উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় ঘোষণা করে। ঢাকেশ্বরী মন্দিরে পাশাপাশি সারাদেশে মণ্ডপে মণ্ডপে দেবীর পূজার পাশাপাশি ছিল অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি।



