জনগণের সামনে সরকারের কাজ তুলে ধরাই নেতাকর্মীদের দায়িত্ব : রিজভী

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি এখন ক্ষমতায় থাকায় দলের নেতাকর্মীদের প্রত্যেককে মন্ত্রী-এমপি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না; বরং প্রত্যেকেই সরকারের অংশ। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সফল করা এবং সেগুলো জনগণের কাছে তুলে ধরাই এখন নেতাকর্মীদের প্রধান দায়িত্ব।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
রিজভী বলেছেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের আরও পাওয়ার কী আছে? আমি, আপনি, আপনারা—আমাদের প্রত্যেকেই তো সরকারের অংশ। প্রত্যেকেরই পদ পেতে হবে, তা নয়।’
এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের নেত্রীদের ওপর অতীতের রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনাদের কি মনে নেই আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ এবং এখানকার অনেক নেত্রী কতবার কারাগারে গেছেন? কতবার তাদের নিয়ে যাওয়া হয়েছে, কতবার অত্যাচারিত হয়েছেন, কত নির্বিঘ্নে গ্রেপ্তার করা হয়েছে? কীভাবে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো, সেখান থেকে আদালতে তোলা হতো, পরে কারাগারে আটকে রাখা হতো— এগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে।’
রিজভী বলছিলেন, আজ বিএনপির নেতৃত্বাধীন সরকারে মহিলা দলের নেতাকর্মীদেরও অংশ রয়েছে। তাদের প্রতিনিধিরা সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন— এটিকে দলের নেতাকর্মীদের গৌরব হিসেবে উল্লেখ করেন রিজভী।
‘সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে মহিলা দলের নেতাকর্মীদের জানতে হবে। সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে’, যোগ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগগুলো জনগণকে বোঝানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে রিজভী বলেছেন, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের এই কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেছেন, ‘নারীর ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। এ দুটি ক্ষেত্রে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’
এরপর মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালির উদ্বোধন ঘোষণা করেন রিজভী। র্যালিটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল মোড় হয়ে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



