ঐতিহাসিক সমাবেশ হবে ১ ডিসেম্বর : আবদুস সালাম

সংগৃহীত ছবি
আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় সমাবেশ ইতিহাসের অন্যতম ঐতিহাসিক সমাবেশ হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবদুস সালাম বলেন, ‘১৯৭১ সালে আমরা যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, সেই স্বাধীনতাকে সুরক্ষা এবং ’২৪-এর গণঅভ্যুত্থানের অর্জনগুলোর সুফল দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার সমাবেশ এটি। এই সমাবেশকে সফল ও সার্থক করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যে সমাবেশে যোগদান করবেন, এতে ঢাকা মহানগর বিএনপির সব থানা ও ইউনিটসহ সর্বস্তরের নেতা-কর্মীরা অত্যন্ত উজ্জীবিত। তাঁরা সমাবেশে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছেন। বিশেষ করে এটি বিজয়ের মাসের সমাবেশ। আমাদের নেতার হাত ধরেই এ দেশের স্বাধীনতার ঘোষণা এসেছিল। অতএব, এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী স্বাধীনতা রক্ষা এবং দেশ রক্ষার যে দিকনির্দেশনামূলক বার্তা দেবেন, তা শোনার জন্য নেতা-কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন ১ ডিসেম্বরের বিজয় সমাবেশে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে মহানগর দক্ষিণের প্রতিটি ইউনিট কমিটির প্রস্তুতির কথা তুলে ধরেন। সমাবেশ নির্বিঘ্ন, সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
যৌথ সভায় আরওছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামসহ মহানগরের শীর্ষ নেতারা। এ ছাড়া সভায় অংশ নেন মহানগর দক্ষিণের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতারাও।




