ফ্যাসিবাদ ঠেকাতে মাঠে থাকবে ১২ দল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, সন্ত্রাস, নৈরাজ্যে ঠেকাতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে ১২ দলীয় জোট। ডিসেম্বর জুড়ে নানান কর্মসূচি পালন করবে জোটটি।
আজ শনিবার রাজধানীর খিলগাঁওয়ে ১২ দলীয় জোট প্রধানের বাসায় জোটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের অনুমতিক্রমে এই সভা অনুষ্ঠিত হয় বলে সন্ধ্যায় জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান ও সাবেক এমপি আহসান হাবিব লিংকনের সভাপতিত্বে এবং ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন— জোটের মুখপাত্র ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এমএ বাসার, ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন।
সভায় ১২ দলীয় জোটের নেতারা বলেন, ১২ দলীয় জোট অতীতেও সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল। বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে শেখ হাসিনার গুলির মুখেও তারা রাজপথ ছেড়ে যাননি। ভবিষ্যতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা, জ্বালাও-পোড়াও, নৈরাজ্যে ঠেকাতে তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস, যুগ্ম মহাসচিব মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, ন্যাশনাল লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শরিফুল ইসলাম প্রমুখ।



