রিজভী
একক কোনো রাষ্ট্রের পক্ষে গ্যাস-জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়

ছবি: আগামীর সময়
দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকটকে আন্তর্জাতিক ও ভৌগোলিক সংকট উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, একক কোনো রাষ্ট্রের পক্ষে এ সংকট নিরসন করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত জ্বালানি সংকট পুরোপুরি কাটবে না বলেও জানালেন তিনি।
আজ বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জানান রিজভী।
১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর নারী ক্ষমতায়নের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
গ্যাস সংকট প্রসঙ্গে রিজভী বলেন, ‘দেশে গ্যাস ও জ্বালানির সংকট আছে। এটি দেশের সৃষ্ট সংকট নয়, আন্তর্জাতিক ও ভৌগোলিক সংকট। এই সংকট একক কোনো রাষ্ট্রের পক্ষে নিরসন সম্ভব নয়। আমেরিকা ও ইরান যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই সংকট স্থায়ীভাবে কাটবে না।’
তিনি বলেন, ‘হরমুজ প্রণালি পারস্য উপসাগরের পথটি তেল আসার সবচেয়ে বড় পথ। বর্তমানে সেখানে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তারপরও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী নিরন্তর চেষ্টা চালাচ্ছেন। মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার ব্যবস্থা করছেন প্রধানমন্ত্রী।’
মহেশখালীর গভীর সমুদ্রের ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছিল জানিয়ে রিজভী বলেন, ‘ইতিমধ্যে গ্যাসবাহী কার্গোগুলো আসছে। মহেশখালীর গভীর সমুদ্রের ভাসমান টার্মিনালে যে টেকনিক্যাল ত্রুটি হয়েছিল, সেটির কারণে গ্যাসের স্বাভাবিক প্রবাহ বন্ধ ছিল। তবে সেটি ঠিক হয়েছে এবং আস্তে আস্তে ক্রমান্বয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে। গ্যাস আমদানির জন্য আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
তিনি বলেন, ‘বিএনপির সরকার বা বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার জনগণের স্বার্থ, দুঃখ-কষ্ট ও বেদনাকে ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করে। এ কারণেই আজকের গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করছেন।’
গ্যাস ও জ্বালানি সংকটের মধ্যেও মানুষের আয় বাড়ানো ও আর্থিক উন্নয়নের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন রিজভী।
‘মূল্যস্ফীতি কমেছে বাজার হস্তক্ষেপে’
সরকারের বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের কারণে মূল্যস্ফীতি কমেছে বলে দাবি করেছেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘গত আগস্ট মাসে মূল্যস্ফীতি কমেছে। নিত্যপ্রয়োজনীয় ও খাদ্যপণ্য জনগণ কিনতে পারে, সেদিকে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। এরই অংশ হিসেবে মার্কেট ইন্টারভেনশনের মাধ্যমে বাজারে হস্তক্ষেপ করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা হচ্ছে।’
বর্ষা শেষে শরৎকালে শাক-সবজি, চাল, ডাল ও লবণের দাম বাড়ার প্রবণতা থাকলেও সরকারের কঠোর হস্তক্ষেপের কারণে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম তেমন বাড়েনি বলে মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ‘এখন বর্ষা শেষে শরৎকাল পড়েছে। এ সময়ে শাক, সবজি, চাল, ডাল, লবণের দাম বাড়ে। কিন্তু এই সরকারের কঠোর হস্তক্ষেপের কারণে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম তেমন বাড়েনি। যার কারণে আগস্টে মূল্যস্ফীতি অনেক কম হয়েছে।’







