কানাডায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ম্যানিটোবায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
কানাডার ম্যানিটোবা প্রদেশে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ম্যানিটোবা প্রদেশ শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
ম্যানিটোবা প্রদেশ বিএনপির সভাপতি ড. আমিনুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজোয়ান এলাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. উজ্জ্বল আহমেদ লিটন।
পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে রেজোয়ান এলাহী বলেন, ৭ নভেম্বর যেমন দেশের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়, তেমনি বর্তমানের সংকট উত্তরণ এবং ভবিষ্যতে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আলোকবর্তিকা।
তিনি ভেদাভেদ ভুলে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি স্বাধীন, সার্বভৌম ও জনবান্ধব বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ড. আমিনুর রহমান খান উল্লেখ করেন, ৭ নভেম্বর প্রমাণ করেছিল যে ক্ষমতার প্রকৃত উৎস জনগণ ও সিপাহী সমাজ। বর্তমান বাংলাদেশেও জনগণের মালিকানা ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মাহমুদ উন নবী, রবিউল ইসলাম খান, খাজা বশির উদ্দিন, ড. আমজাদ হোসেন, এহসানুল হক এবং লেখক ও সাংবাদিক সাকিবুর রহমান খান বক্তব্য রাখেন।
এ ছাড়া অনলাইনে যুক্ত হয়ে কানাডা ইস্ট বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিক এবং সাধারণ সম্পাদক নবি হোসেন ম্যানিটোবা প্রদেশ বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রবাসে অবস্থান করেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



