রিজভীর বাসায় ‘হামলার পরিকল্পনা’, নিন্দা ঢাবি সাদা দলের

রুহুল কবির রিজভী। ফাইল ছবি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ সোমবার এক যৌথ বিবৃতিতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, সংবাদমাধ্যমের তথ্যানুসারে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা রাজধানীতে একত্রিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় হামলার প্রস্তুতি নিচ্ছিল। একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাসভবনে এমন হামলার পরিকল্পনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।
‘এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনরায় অস্থিতিশীলতা ও ভীতির পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের হীন ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না’— উল্লেখ করা হয় বিবৃতিতে।
এ ঘটনায় আটক হওয়া ব্যক্তিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তির দাবি জানিয়েছে ঢাবি সাদা দল। পাশাপাশি এ ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় বিবৃতিতে।




