আওয়ামী লীগের ফেরার চেষ্টা সফল হবে না : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ফাইল ছবি
গুম-খুন ও রক্তাক্ত পথ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তাদের ফেরার চেষ্টা সফল হবে না।
আজ সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রিজভী।
২০২৪ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি। এজন্য তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের আবেদনও করেছেন। তার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন নাশকতায় জড়াচ্ছেন।
আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, গুম-খুন ও রক্তাক্ত পথ ধরে আওয়ামী চক্রকে বাংলাদেশের জনগণ আর ফিরতে দেবে না। পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা এবং সমাজে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাও জনগণ সফল হতে দেবে না।
আওয়ামী লীগের গত শাসনামলের সমালোচনা করে তিনি আরও বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা ১৭ বছর ধরে জুলুম-অত্যাচার করেছে। এখন তারা আবার পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ পাচার করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে সুখের স্বর্গ গড়তে চায়।
‘কিন্তু তাদের সেই স্বপ্ন আর পূরণ হবে না। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ’, যোগ করেন রিজভী।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের প্রশংসা করেন রিজভী। তিনি বলেছেন, কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা।
বিগত ১৭ বছর তারা নিজের জীবন বাজি রেখে আন্দোলন করেছেন উল্লেখ করে রিজভী বলেছেন, তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। মাসের পর মাস কারাবরণ করতে হয়েছে। তারপরও তারা আদর্শ ও নীতি থেকে সরে যাননি।
মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের অবদানের কথাও স্মরণ করেন তিনি। রিজভী আশা প্রকাশ করেন, এই যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ও আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



