নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

ছবি: আগামীর সময়
সিলেট, কুড়িগ্রাম ও হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মিছিল থেকে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর বাংলামোটর থেকে মশাল মিছিলটি শুরু করে শাহবাগ হয়ে আবার বাংলামোটর এসে শেষ হয়
মিছিলে 'চাঁদা লাগলে চাঁদা নে, আতিকের চোখ ফিরিয়ে দে', 'সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও', 'দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত', 'হবিগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই', প্রভৃতি স্লোগান দেয়।
মিছিল আগে বক্তব্যে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার বলেছেন, জুলাই মাসে এনিসিপির ওপর হামলায় কোটি কোটি মানুষের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে। বিএনপি আজ জুলাই মানে না, কিন্তু এই জুলাইয়ের ওপর ভর করেই ক্ষমতায় বসেছে।
তিনি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আর মাননীয় বলতে পারবো না। আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম হামলাকারীদের গ্রেপ্তারে। অথচ আজ আবার হামলা হলো।
দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বললেন, গত ২০ দিন ধরে আমাদের জুলাই পদযাত্রা শান্তিপূর্ণভাবে চলছে। এই পদযাত্রায় একরকম বিনা উস্কানিতে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে বিএনপি। এ ধরনের হামলা আওয়ামী লীগ আমলে দেখেছি। দেখেছি বালুর ট্রাক দিয়ে বিএনপিকে ১৭ বছর আটকে রাখা হয়েছিল। ভেবেছিল আমাদেরও এভাবে আটকে রাখবে। তবে এনসিপি সেই ট্রাক সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগের সময় দেখতাম তারা হামলা করত লুকিয়ে লুকিয়ে। আর তাদের (বিএনপি) দেখছি হামলার লাইভ করছে। বালুর ট্রাক দিয়ে, হামলা করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না। যদি সরকার পরিচালনা করতে চান ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বললেন, গত দুইদিন ধরে আমাদের ওপর হামলা চালানো হচ্ছে। চব্বিশ এর পরে আর রড, বাঁশের রাজনীতি দেখতে চাইনি আমরা। চেয়েছিলাম একটি সুষ্ঠু ধারার রাজনীতি। তারা ভুলে গিয়েছে কিছুদিন আগেই আমাদের নেতাকর্মীরা স্বৈরাচারকে হটিয়েছে। তাদের ওপরই বিএনপি হামলা করেছে। হামলা করে তারা আবার উল্লাস করছে।গণভোটের রায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। গণভোটের রায়কে এনসিপি ব্যর্থ হতে দেবে না। এতে যত হামলাই হোক থেমে থাকব না। পাশাপাশি আলিফ চৌধুরীর চিকিৎসার দায়ভার সরকারকে নিতে হবে।






