সিঙ্গাপুর থেকে ফেরার পথে অসুস্থ খন্দকার মোশাররফ, ফের হাসপাতালে

পরিবারের সদস্যদের সঙ্গে ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: আগামীর সময়
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আবার অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে আসার পর হঠাৎ অসুস্থ বোধ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আগামীর সময়কে বলেন, আজ রবিবার স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল খন্দকার মোশাররফের। কিন্তু বিমানবন্দরে আসার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের এই সংসদ সদস্য। বর্তমানে তার সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন সহধর্মিণী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
প্রবীণ এই রাজনীতিবিদের সুস্থতা চেয়ে পরিবার ও দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।




