ডিসেম্বর ঘিরে নাশকতা চেষ্টা বরদাশত করবে না এবি পার্টি

মজিবুর রহমান মঞ্জু ও আসাদুজ্জামান ফুয়াদ
আসন্ন ডিসেম্বর কেন্দ্র করে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও ভীতিকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা বরদাশত করা হবে না বলে জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিবৃতিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেছে দলটি।
এবি পার্টির দুই শীর্ষ নেতা বলছেন, ‘এনসিপি নেত্রীর বাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। দুর্বৃত্তরা নুসরাতের বাড়ি লক্ষ্য করে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে তার পাঁচটি ঘর ও দুটি ছাগল পুড়ে গেছে। এটি শুধু একটি পরিবারের ওপর হামলা নয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশের ওপরও সরাসরি আঘাত।’
একজন এমপির বাড়িতে এমন হামলা হলে সাধারণের মানুষের নিরাপত্তা কোথায়— এমন প্রশ্ন করেন তারা।
বিএনপি সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না দাবি করে মজিবুর রহমান মঞ্জু ও আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘নুসরাত জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা। গণঅভ্যুত্থান দমনের উদ্দেশে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পেটোয়াবাহিনী তাকে তুলে নিয়ে নির্যাতন করে। এরপরও ভয়ভীতি ও নির্যাতন উপেক্ষা করে তিনি রাজপথে সক্রিয় ছিলেন।’
এদিকে, গতকাল মধ্যরাতের এ আগুন নিয়ে ব্যাপক আলোচনার পর আজ বৃহস্পতিবার আইনসভায় এ প্রসঙ্গে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এনসিপি নেত্রী নুসরাতের পৈতৃক বাড়িতে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, ওই বাড়িতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অনেক পুরনো হওয়ায় শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
যদিও সাম্প্রতিক বাস ও ট্রেনে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালককে পুড়িয়ে হত্যা এবং বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মনে করছে এবি পার্টি। এসব ঘটনার পেছনে ফ্যাসিবাদী শক্তির সংশ্লিষ্টতা আছে দাবি তাদের।
বিবৃতিতে দলটির দুই শীর্ষ নেতা বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জুলাইয়ের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং এমপি নুসরাত ও তার পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।




