গোপালগঞ্জে ছাত্রলীগের কর্মসূচিতে ঢাকা কলেজের ছাত্রদলকর্মী

কোলাজ : আগামীর সময়
গোপালগঞ্জের চন্দ্রদিঘলীতে খুলনাগামী একটি বাস আটকে দেশীয় অস্ত্র দেখিয়ে যাত্রীদের ভয়ভীতি এবং জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ঢাকা কলেজ ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। তার নাম সাবিদ হাসান। তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত বুধবার নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সময় ‘গোপালগঞ্জ আওয়ামী’ নামের একটি ফেসবুক পেজে ঘটনার ভিডিও প্রকাশ করা হয়। আজ রবিবার পর্যন্ত ভিডিওটি সাত লাখের বেশি মানুষ দেখেছেন।
ভিডিওতে দেখা যায়, সাবিদের নেতৃত্বে একদল যুবক চন্দ্রদিঘলীতে একটি বাস আটকে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করছেন। একপর্যায়ে এক যাত্রীর কাছে ছুরি প্রদর্শন করে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তল্লাশি করা হয়।
ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সাবিদ গোপালগঞ্জের বাসিন্দা। কলেজে ভর্তির পর তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। একসময় সদস্য সচিব মিল্লাদ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত থাকলেও পরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তবে সাবিদের ছাত্রদলের কোনো সাংগঠনিক পদ ছিল না বলে জানিয়েছেন মিল্লাদ হোসেন।
সাবিদের পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা রয়েছে। তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। পরিবারের অন্য সদস্যদেরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়ভাবে পরিচিতি রয়েছে।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংগঠনের দায়িত্বশীল নেতাদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। ছাত্রদলের কর্মী মাসুদ রানাও ফেসবুকে পোস্ট দিয়ে কর্মীদের ত্যাগের মূল্যায়ন না করে বলয়ভিত্তিক রাজনীতিকে গুরুত্ব দেওয়ার সমালোচনা করেন।
এ বিষয়ে ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, সাবিদ তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সংগঠনের কোনো কমিটিতে তার পদ ছিল না। সাংগঠনিক কার্যক্রমেও তার সক্রিয়তা ছিল না। গত ছয়-সাত মাস ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই।
মিল্লাদ হোসেন আরও বলেন, সাবিদকে কোথাও পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। ভবিষ্যতে নতুন শিক্ষার্থীদের সংগঠনে সম্পৃক্ত করার আগে তাদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাইয়ে আরও সতর্ক থাকবেন তারা।
অভিযুক্ত সাবিদের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।




