বিচারের সময় বাঁধা, তবু কেন মামলার নিষ্পত্তি হয় না

সংগৃহীত ছবি
প্রায় দেড় দশক আগের ঘটনা। গার্মেন্টসে কাজে বেরিয়ে নিখোঁজ হন কামরাঙ্গীরচরের তরুণী নাজমা (ছদ্মনাম)। পরে জানা যায়, তিনি মানবপাচার চক্রের খপ্পরে খিলগাঁওয়ের একটি বাসায় আটকা।
নিখোঁজের ২০ দিন পর ২০১০ সালের ১০ জুন সেই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয় মানবপাচার আইনে।
আইন বলছে, মানবপাচারের বিচার শেষ করতে হবে ১৮০ কার্যদিবসের মধ্যে। না পারলে কারণ জানিয়ে হাইকোর্টে পাঠাতে হবে প্রতিবেদন।
কিন্তু বাস্তবে কী হলো? ২০১০ সালে দেওয়া হয় অভিযোগপত্র। বিচার শুরু হয় ২০১৪ সালে। এরমধ্যে আসামিরা জামিন নিয়ে গেছেন পালিয়ে।
এ মামলার সর্বশেষ সাক্ষ্য নেওয়া হয়েছিল ২০১৬ সালের ২৯ মে। তারপর কেটে গেছে একে এক ৯ বছর। নেওয়া হয়নি আর কোনো সাক্ষ্য।
আরেক মামলায় দেখা গেছে, রাজধানীর কলাবাগানে একটি ইংরেজি মাধ্যমের স্কুলের ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর ২০২১ সালের ৮ জানুয়ারি ইফতেখার ফারদিন দিহান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শুরু হয় দিহানের বিচার। তবে আইন অনুযায়ী ১৮০ দিনেও এই মামলার বিচার কাজ শেষ হয়নি।
বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। তবে একাধিকবার দিহানের জামিন চাইলেও তা মঞ্জুর হয়নি। তিনি কারাগারে আটক রয়েছেন।
এভাবে একটি দুটি নয়, নিম্ন আদালতে ঝুলে আছে লাখ লাখ মামলা। সময় পেরিয়ে গেছে। কিন্তু হয়নি নিষ্পত্তি। যার কারণে ভুক্তভোগী পাচ্ছেন না ন্যায়বিচার। পার পেয়ে অপরাধীরা আবারও জড়িয়ে পড়ছেন নতুন অপরাধে।
সুপ্রিম কোর্টের তথ্যমতে, গত মার্চ পর্যন্ত দেশে ৪৭ লাখ ৯১ হাজার ৯২১টি মামলা বিচারাধীন ছিল। তবে এর মধ্যে কত মামলা নির্দিষ্ট সময়ে শেষ হয়নি তার সঠিক হিসাব পাওয়া যায়নি।
আইন বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মামলাও। কিন্তু বাড়ছে না বিচার ব্যবস্থার সক্ষমতা। তিন-চার হাজার করে মামলা ঝুলছে একজন বিচারকের কাঁধে। ফলে পুরোনো মামলার জট খুলছে না। আইনে সময় বেঁধে দেওয়া থাকলেও জট বাড়ার কারণে লাভ হচ্ছে না।
বিশেষজ্ঞদের আলাপে উঠে এসেছে এর কিছু কারণ। তাদের মতে, সময় যত গড়ায়, বিচার তত কঠিন হয়। সাক্ষী খুঁজে পাওয়া যায় না। মিললেও তারা ভুলে যান ঘটনা। অনেক সাক্ষী আদালতে আসতে ভয় পান।
এই সুযোগটাই আসামিরা নেন বলে জানালেন বিশেষজ্ঞরা। তাদের কথায়, দীর্ঘদিন মামলা চলার সুবাদে জামিন পেয়ে আসামিরা আত্মগোপনে চলে যান। অনেক সময় বাদী বা আসামি কেউই বিচার দেখে যেতে পারেন না। বিচার শেষ হওয়ার আগেই মৃত্যু হয়। তখন মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের দাবি, ন্যায়বিচার প্রতিষ্ঠায় যৌক্তিক সময়ে মামলা নিষ্পত্তি করা উচিত। যাতে বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিরূপ ধারণা না থাকে। পাশাপাশি বিচার ব্যবস্থাকে আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে হবে।
কোনো ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করলে তা বিশেষ গুরুত্ব পায়, বাকিগুলো থেকে যায় আড়ালে; এমনটাই জানালেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, বেশিরভাগ সময় এমনই দৃশ্য দেখা যাচ্ছে।
এ সংস্কৃতি থেকে বের হয়ে আসার তাগাদা দিলেন তারা। বললেন, আইনে সবাইকে সমান গুরুত্ব দিতে হবে।
পাশাপাশি বিচার কার্যক্রম এগিয়ে নিতে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিলেই হবে না, তা যথাযথ বাস্তবায়ন করতে হবে বলে মত দিলেন আইন বিশেষজ্ঞরা।
বিচারের সময়সীমা নিয়ে আইনে যা আছে
বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) এবং প্রচলিত আইন অনুযায়ী, দণ্ডবিধির ৩০২ ধারার (খুনের মামলা) বিচার শেষ করার জন্য আইনগতভাবে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই। তবে বলা আছে যত দ্রুত সম্ভব বিচার শেষ করতে হবে। কিন্তু যত দ্রুত সম্ভব এর কোনো সংজ্ঞা নেই।
একইভাবে অস্ত্র আইনে বিচারকাজ ঠিক কত দিনের মধ্যে শেষ করতে হবে সেটিরও কোনো বিধান নেই।
তবে বিশেষ আইনের মামলার ক্ষেত্রে সময় নির্দিষ্ট করে দেওয়া রয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ধারা ২০(৩) অনুযায়ী ট্রাইব্যুনাল ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করবে। না পারলে ৩০ দিন সময় বাড়াতে পারবে, কারণ লিপিবদ্ধ করতে হবে। তবে (৩ক) উপ-ধারা (৩) এ যা কিছু থাকুক না কেন, ধারা ৯ এর অধীন ধর্ষণ সংক্রান্ত মামলার বিচারকার্য ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের তারিখ থেকে ৯০ কার্যদিবসের মধ্যে সমাপ্ত করবে। ট্রাইব্যুনালে মামলার শুনানি শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত প্রতি কর্মদিবসে একটানা চলবে।
দ্রুত বিচার আইন, ২০০২ এর ধারা ১০ অনুযায়ী ৯০ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। না পারলে আরও ৩০ দিন। সব মিলিয়ে ১৩৫ দিনের মধ্যে শেষ করতেই হবে।
মানবপাচার প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ২৪(১) অনুযায়ী অভিযোগ গঠনের ১৮০ কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনাল বিচারকার্য সম্পন্ন করবে। এই সময়সীমার মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে ব্যর্থতা বিচারকার্যকে বাতিল করবে না, কিন্তু ট্রাইব্যুনাল বিচারকার্য সম্পন্ন করতে সমর্থ না হওয়ার কারণ ব্যাখ্যা করে দশ কার্যদিবসের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রতিবেদন প্রেরণ করবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৫১ ধারা অনুযায়ী বিচারের জন্য মামলা প্রাপ্তির তারিখ থেকে ৯০ কার্যদিবসের মধ্যে বিচার সমাপ্ত করতে হবে। এই সময়ে সম্ভব না হলে অতিরিক্ত ৩০ কার্যদিবসের মধ্যে বিচার সমাপ্ত করতে পারবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টকে লিখিতভাবে অবহিত করবে, যার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করতে হবে।
বর্ধিত সময়ের মধ্যেও যুক্তিসঙ্গত কোনো কারণে বিচার কার্য সমাপ্ত করা সম্ভব না হলে আরও ১৫ কার্যদিবস সময় বর্ধিত করতে পারবেন। বর্ধিত সময়ের মধ্যে আবশ্যিকভাবে বিচার কার্য সমাপ্ত করতে হবে।
কী বলছেন সংশ্লিষ্টরা
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান আগামীর সময়কে বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৩৩৯সি ধারায়, প্রযোজ্য ক্ষেত্রে, বিচারার্থে মামলা পাওয়ার পর ম্যাজিস্ট্রেট আদালতে ১৮০ দিন এবং দায়রা আদালতে ৩৬০ দিনের মধ্যে বিচার শেষ করার বিধান রয়েছে। সময়সীমা থাকলেও তা বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা ছাড়া বিচার বিলম্বের সমস্যার সমাধান হয় না। সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদ আইনের সমান আশ্রয় ও সুরক্ষার নিশ্চয়তা দেয়। আর ৩৫(৩) অনুচ্ছেদে ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তির দ্রুত ও প্রকাশ্য বিচারের অধিকার স্বীকৃত। তাই সময়মতো বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
‘একজন মানুষ ১০–১৫ বছর মামলা চালিয়েও যদি প্রতিকার না পান, তাহলে তার কাছে বিচার অর্থহীন হয়ে পড়ে’, মত এই আইনজীবীর।
বিচারক ও সহায়ক জনবল বাড়িয়ে মামলা জট দূর করার পরামর্শ দিলেন এই আইনজীবী। পাশাপাশি তদন্ত ও প্রসিকিউশনের দক্ষতা উন্নয়নেও জোর দিলেন তিনি। তাগাদা দিলেন সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রেও।
মামলা জটের পেছনে বিগত সরকারের দায় দেখছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তার দাবি, বিগত ফ্যাসিস্ট সরকার (আওয়ামী লীগ) রাজনৈতিক মামলা নিয়েই ব্যস্ত ছিল। এ আইনজীবীর অভিযোগ, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় হস্তক্ষেপ করেছে।
সেই হস্তক্ষেপ এখন অতীত, বর্তমান সরকার বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে; জানালেন ওমর ফারুক ফারুকী। বললেন, ইতোমধ্যে পুরান মামলার তালিকা করে দ্রুত সময়ে নিষ্পত্তির পদক্ষেপ নেয়া হয়েছে।
সরকারের এ উদ্যোগের সুফল দ্রুতই মিলবে এমন আশা করছেন এই আইনজীবী। তার ভাষ্য, ‘আমরা মনে করছি, দ্রুত সময়ে মামলার জট কমে আসবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবার পাবে ন্যায়বিচার।’



