জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থান ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া

জুলাই গণঅভ্যুত্থানকে চূড়ান্ত লড়াইয়ের মহড়া হিসেবে উল্লেখ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলছিলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া। মূল যুদ্ধের আগে যেমন বাহিনীকে প্রস্তুত করা হয়, কসরত ও রিহার্সেল করানো হয়, ২০২৪-এর গণঅভ্যুত্থানও ছিল তেমনই একটি প্রস্তুতি।’
গতকাল রবিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে সিরাতুন্নবী (সা.) সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যে উঠে এলো এসব কথা। তার মতে, এই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন। সেই সঙ্গে এই গণঅভ্যুত্থানকে কেউ যেন চূড়ান্ত যুদ্ধ মনে না করেন, সে বিষয়েও সতর্ক করলেন শফিকুর রহমান। তিনি বললেন, ‘চব্বিশকে ফাইনাল যুদ্ধ মনে করবেন না। এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল।’
‘ফ্যাসিবাদের দোসররা’ নতুন করে ন্যারেটিভ নির্মাণে নেমেছে— এমন অভিযোগ তুলে তিনি বললেন, ‘চব্বিশে যে মানুষগুলো জেগে উঠেছিল, তারা সবাই মারা যায়নি বা ঘুমিয়ে পড়েনি। তারা সজাগ দৃষ্টিতে সবকিছু প্রত্যক্ষ করছে।’






