ইসির সংলাপে যাচ্ছে না জামায়াত
- জোটগত অংশগ্রহণে অনড়, আলাদা সময় দিতে ইসিকে চিঠি
- একা যেতেও সম্মতি এনসিপি, এবি পার্টির

গ্রাফিকস: আগামীর সময়
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক মতবিনিময়ে অংশগ্রহণের ধরন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে ১১ দলীয় ঐক্যে। জোটের প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে সংলাপে বসতে রাজি নয়। ১১ দলের প্রতিনিধিদের নিয়ে জোটগতভাবে আলোচনায় অংশ নিতে চায় দলটি। এজন্য নির্ধারিত সূচির বাইরে আলাদা সময় চেয়ে গতকাল শনিবার কমিশনকে চিঠিও দিয়েছে জামায়াত। ফলে রবিবার ইসির নির্ধারিত সংলাপে অংশ নিচ্ছে না দলটি।
অন্যদিকে জোটের আরেক গুরুত্বপূর্ণ শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে সংলাপে অংশ নিতে প্রস্তুত। তবে জোটগতভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি হলে তাতেও আপত্তি নেই দলটির। অর্থাৎ ইসির সংলাপে জামায়াত যেখানে জোটের সম্মিলিত অবস্থান তুলে ধরতে চায়, সেখানে এনসিপি দলীয় স্বাতন্ত্র্য বজায় রেখে নিজেদের বক্তব্য উপস্থাপনের পক্ষেও অবস্থান নিয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের আগামীর সময়কে বললেন, ‘আমরা কাল (রবিবার) ইসির সংলাপে অংশ নিচ্ছি না। ইসিকে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি। আমরা জোটগতভাবে অংশ নিতে আলাদা সময় চেয়েছি।’
দলীয় সূত্র জানায়, গতকাল নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে একসঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার আগ্রহের কথা জানানো হয়েছে। জোটের সব শরিককে নিয়ে আলোচনার জন্য পৃথক সময় বরাদ্দের অনুরোধ জানিয়েছে জামায়াত।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ে ১১ দল একসঙ্গে অংশ নিতে চায়। এ বিষয়ে কমিশনের জ্যেষ্ঠ সচিবকে জানানো হয়েছে।
জামায়াত নেতারা মনে করছেন, ১১ দলীয় ঐক্যের শরিকদের মধ্যে নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে অভিন্ন অবস্থান রয়েছে। ফলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় প্রত্যেক দল আলাদাভাবে নিজেদের বক্তব্য তুলে ধরার চেয়ে সম্মিলিতভাবে দাবি ও প্রস্তাব উপস্থাপন করলে জোটের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হবে।
বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইসির করণীয়, নির্বাচনী পরিবেশ এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে অভিন্ন প্রস্তাব তুলে ধরতে চায় জোটটি। এ কারণে কমিশনের নির্ধারিত সূচিতে জামায়াতের জন্য বরাদ্দ করা সময়ে এককভাবে আলোচনায় বসতে আগ্রহী নয় দলটি।
গত শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে এনসিপি ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ছাড়া অন্য শরিক দলগুলো জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার পক্ষে মত দেয়। এনসিপির পক্ষ থেকে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানানোর কথা বলা হয়।
একা গেলেও আপত্তি নেই এনসিপির
জামায়াতের এমন অবস্থানের বিপরীতে এনসিপি এককভাবে ইসির সংলাপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১ ডিসেম্বর দলটিকে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। নির্ধারিত দিনেই একটি প্রতিনিধিদল নিয়ে কমিশনে যাওয়ার কথা জানিয়েছেন দলটির নেতারা।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার আগামীর সময়কে বললেন, ‘ইসি আমাদের আগামী ১ ডিসেম্বর সংলাপের জন্য ডেকেছে। আমি সে অনুযায়ী যেতে প্রস্তুত। ওইদিন আমাদের একটি প্রতিনিধিদল ইসিতে যাবে।’
জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তার জবাব, ‘জামায়াত ইসিকে জানিয়েছে, তারা জোটগতভাবে বসতে চায় এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে। এখন ইসি যদি সেটি অনুমোদন করে, তাহলে জোটগতভাবে অংশ নেব। এতে আমাদের কোনো সমস্যা নেই।’
তিন দিনে ৫৫ দলের সঙ্গে ইসির মতবিনিময়
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন। তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার পরিকল্পনা রয়েছে ইসির।
সূচি অনুযায়ী, প্রথম দিন আজ জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দ্বিতীয় দিন ৩০ নভেম্বর ১৮টি এবং শেষ দিন ১ ডিসেম্বর আরও ১৮টি দলের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। শেষ দিনের আমন্ত্রণ পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে এনসিপি ও এবি পার্টি।
জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জোটগত আলোচনার জন্য পৃথক সময় বরাদ্দ দেয় কি না, এখন সেটিই দেখার বিষয়।




