শ্রমিক আন্দোলনের পেছনে আ.লীগ-জামায়াত-এনসিপি, অভিযোগ যুবদল সভাপতির

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না
পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার পেছনে পতিত আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জড়িত বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
আজ সোমবার রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পুলিশের পাশাপাশি যুবদলের নেতাকর্মীদেরও মাঠে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে জবাবে শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দলের সংশ্লিষ্টতার অভিযোগ করেন যুবদল সভাপতি।
মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যুবদলের দায়িত্ব উল্লেখ করে সংগঠনের সভাপতি আগামীর সময়কে বললেন, দেশের যেকোনো রাজনৈতিক সংকটে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব থাকে। জনগণের দল হিসেবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যুবদলেরও দায়িত্ব। এ দায়িত্ববোধ থেকেই নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে মাঠে রয়েছেন।
৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে আজ সোমবার তৃতীয় দিনের মতো মিরপুরে সড়কে নামেন শ্রমিকরা। গতকাল রবিবার যদিও শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে মজুরি বোর্ড গঠন করা হয়। কিন্তু এতে আন্দোলন থামেনি। মিরপুরে সকাল থেকেই পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। কোথাও কোথাও শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে তাদের সরিয়ে দেওয়া হয়।
এ সময় পুলিশের পাশে যুবদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। তাদের কারও কারও হাতে লাঠিসোঁটাও ছিল। একইভাবে গাজীপুরেও যুবদলের নেতাকর্মীদের মাঠে অবস্থান করতে দেখা গেছে।
আন্দোলনে বিরোধীদের সংশ্লিষ্টতার বিষয়ে যুবদল সভাপতি বললেন, ‘আমরা গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে বিশৃঙ্খলার সঙ্গে পতিত আওয়ামী লীগ, গুপ্ত জামায়াত, এনসিপিকে দেখতে পাচ্ছি। এ অবস্থায় জনগণের দল হিসেবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
‘মানুষের প্রতি আমাদের এই যে দায়িত্বের জায়গা, সেখান থেকে সচেতন থাকার জন্য আমরা সব জায়গায় বার্তা দিই। আমরা সহিংসতা করার জন্য কাউকে কোনো বার্তা দিই না। সচেতন থেকে মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমরা সবসময় বলি। সেভাবেই হয়তো আমাদের নেতাকর্মীরা দেশের বর্তমান ক্রাইসিস পরিস্থিতিতে মাঠে রয়েছে।’



