ভারতে ভোটার তালিকা থেকে মুসলিমদের বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

গ্রাফিকস: আগামীর সময়
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় লাখ লাখ মুসলিমের নাম বাদ দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটির দাবি, এ প্রক্রিয়ায় বৈধ ভোটারদের ভোটাধিকার ও নাগরিকত্বের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে প্রকৃত ভোটারদের নাম পুনর্বহাল এবং বেআইনি আটক ও বাংলাদেশে পুশ-ইন বন্ধের দাবি জানিয়েছে শিবির।
আজ সোমবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী— ভারতে দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যা উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ যাচাই-বাছাইয়ের আওতায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে, যাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মুসলিম। বৈধ পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি তাদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে আটক এবং বাংলাদেশে পুশ-ইন করার অভিযোগও উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
নেতৃবৃন্দ আরও বলেন, ভারতের সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ১৫ নম্বর অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিকের ভোটাধিকার খর্ব করা বা বৈষম্যমূলক আচরণ করা দেশটির সাংবিধানিক নীতির পরিপন্থী।
বিবৃতিতে ভারতের মুসলিমদের নাগরিকদের মৌলিক অধিকার সংকুচিত করার প্রক্রিয়াকে দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় ও আইনি পরিকল্পনার অংশ বলে উল্লেখ করে ছাত্রশিবির। নেতৃবৃন্দের অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক আইন, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের উদ্যোগ, ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইন এবং বিভিন্ন রাজ্যে গরু জবাই ও গো-মাংসের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে মুসলিমদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।
এ ছাড়া মসজিদ ভেঙে ফেলা এবং মুসলিমদের বাড়িঘর ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মতো কর্মকাণ্ডেরও অভিযোগ করেন তারা। শিবিরের ভাষ্য, বর্তমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এসব বৈষম্যমূলক পদক্ষেপের ধারাবাহিকতায় ‘শনাক্ত কর, বাদ দাও এবং বিতাড়িত কর’ নীতির বহিঃপ্রকাশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নাগরিকদের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কিংবা নাগরিকত্বের প্রশ্নে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা অবিলম্বে বৈষম্যমূলকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বন্ধ, প্রকৃত ও বৈধ ভোটারদের নাম পুনর্বহাল এবং বেআইনি আটক ও বাংলাদেশে পুশ-ইন বন্ধ করতে ভারত সরকারের প্রতি জোর দাবি জানান।
একই সঙ্গে ‘সিলেক্টিভ মানবাধিকার নীতি’ পরিহারের আহ্বান জানিয়ে জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ভারতের সংখ্যালঘু মুসলিমদের মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ছাত্রশিবির।




