মানুষ ভুল করেনি, তারা বিএনপিকেই বেছে নিয়েছে : মির্জা ফখরুল

পিআইবি অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনীতে প্রধান অতিথি মির্জা ফখরুল- সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সবখানেই জামায়াতের জয়ের জোয়ার তোলা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এমনকি আমাকেও হারিয়ে দিয়েছিল। কিন্তু মানুষ ভুল করেনি, নির্বাচনে তারা বেছে নিয়েছে বিএনপিকেই।’
আজ বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ সব কথা বলেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পিআইবি’র উদ্যোগে এই অনুষ্ঠান হয়।
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, ‘যাকে অখ্যাত মেজর বলে আওয়ামী লীগের লোকজন বিদ্রুপ করতেন, দেশের প্রয়োজনে সেই মেজর জিয়াউর রহমানই এমন এক সময়ে চট্টগ্রাম থেকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন— যখন গোটা দেশের মানুষ যুদ্ধের ঘোষণার অপেক্ষায় ছিল।’
‘দেশের মানুষ তখন একমত হয়ে গিয়েছিল যে, পাকিস্তানের সঙ্গে আর থাকা যাবে না। যুদ্ধ করতেই হবে। সেই যুদ্ধ শুরু করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান,’ যোগ করেন তিনি।
বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেছেন, ‘বিএনপি সবসময়ই একটি উদার ও বহুমাত্রিক গণতান্ত্রিক রাজনীতি (লিবারেল ডেমোক্রেসি) লালন করে। জিয়াউর রহমানের রাজনীতি ছিল সবাইকে নিয়ে পথ চলার, কোনো বিভাজন সৃষ্টির নয়। একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকাঠামো ও অর্থনীতির মধ্যে এসে তিনি নতুন কোনো বিভক্তি না করে, সমস্ত রাজনৈতিক চিন্তার দলগুলোকে নিয়ে প্রথমে ফ্রন্ট ও পরে বিএনপি গঠন করেন। রাজনীতির মূল বিষয়টাই ছিল রিকন্সিলিয়েশন বা সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। এই প্রথা তিনিই চালু করে গেছেন।’
‘জিয়াউর রহমান বাংলাদেশকে কারো শত্রু বানাতে চাননি; এটাই ছিল তার রাজনীতি। বরং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভারসাম্যপূর্ণ কূটনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এজন্য তিনি সফল হয়েছেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে দেশকে আধিপত্যবাদের বাইরে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছেন,’ ইতি টানেন মন্ত্রী।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অর্থনীতিবিদ ড. মুশতাক খান। আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ ও ব্রেইনের নির্বাহী পরিচালক ড. সফিকুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, ডেইলি ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বিআইপিএসএসের সিনিয়র ফেলো শাফাকাত মনির, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়ারেস করিম প্রমুখ উপস্থিত ছিলেন।




