সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনায় পাটওয়ারীর প্রশ্ন, পরিবর্তনটা কোথায়?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি তার ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি জানিয়েছেন এ ঘটনার নিন্দা।
গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ব্রাউনফিশে হামলার ঘটনা ঘটে। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে হামলার শিকার হওয়ার কথা জানান সালমান মুক্তাদির। তিনি জানান, স্টুডিওর সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাব ভাঙচুর করা হয়েছে। কিছু জিনিসপত্র লুটও হয়েছে।
গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে সালমান মুক্তাদির দাবি করেন, চাঁদা চাওয়ার বিষয়কে কেন্দ্র করে তার স্টুডিও ভাঙচুর করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের এখানকার ল্যান্ড ওনারের সঙ্গে হয়তো চাঁদাবাজি নিয়ে কোনো একটা ঘটনা হয়েছিল। চাঁদা চেয়েছে বা কিছু একটা হয়েছিল। না দেওয়াতে কী হয়েছিল, পেছনের ঘটনা আমি জানি না। তাদের রিভেঞ্জ থেকে মাঝখানে আমাদের মতো মানুষজন পড়ে গেছে।‘
এ ঘটনার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’
জুলাইয়ে সালমানের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে পাটওয়ারী লিখেছেন, জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, সালমান মুক্তাদির তখন প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন।
মানুষকে চাঁদাবাজি ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হচ্ছে উল্লেখ করে এনসিপির এ নেতা বললেন, ‘রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায়? এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।’
হামলার নিন্দা জানিয়ে পাটওয়ারী বললেন, ‘এই হামলার তীব্র নিন্দা জানাই। আল্লাহ আমাদের দেশকে সব চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমের হাত থেকে রক্ষা করুন।’




