সংসদীয় বিশেষ কমিটির সংস্কার উদ্যোগ প্রত্যাখ্যান ১১ দলের

১১-দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে কথা বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংসদে গঠিত সংবিধান সংশোধনের বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কারের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে ১১-দলীয় ঐক্য। গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ কার্যকর করার দাবি জানিয়েছে জোটটি।
আজ রবিবার সকালে ১১-দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে এ অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ভোট দেওয়ার মাধ্যমে জুলাই জাতীয় সনদে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে। গণভোটে জনগণের দেওয়া রায়কে সম্মান করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব।
তিনি জানালেন, গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না।
মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে অনুমোদিত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, ১১-দলীয় ঐক্য তা প্রত্যাখ্যান করছে।
তিনি বলেছেন, নির্বাচিত প্রতিনিধিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে পরিষদ কার্যকর করতে হবে। সংবিধান সংস্কারের কাজও এই পরিষদের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।
সংবাদ সম্মেলনে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে গণভোটে জনগণের দেওয়া রায় যথাযথভাবে বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত ও গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার কার্যকর করা।
জোটটি গণভোটে অনুমোদিত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের উদ্যোগ প্রত্যাহারের দাবিও জানিয়েছে।
এ ছাড়া জনগণের সম্মতি ও গণভোটের ম্যান্ডেটকে পাশ কাটিয়ে একতরফাভাবে সংবিধানের মৌলিক কাঠামো-সংশ্লিষ্ট কোনো পরিবর্তন আনার উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ১১-দলীয় ঐক্য।
রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংস্কার জনগণের প্রত্যাশা, গণভোটের রায় এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে নেওয়ার আহ্বানও জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।




