মালয়েশিয়ার শ্রমবাজারে ‘সিন্ডিকেট ব্যবস্থা’ বাতিল চায় এবি পার্টি

আমার বাংলাদেশ পার্টির মুক্ত আলোচনা সভা
মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সব বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে শ্রমিকদের কাছ থেকে অর্থ না নেওয়া এবং বিদেশ যাওয়ার খরচ কমানোর দাবি জানিয়েছে দলটি।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবীর মিলনায়তনে ‘মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি: সিন্ডিকেট, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় এসব দাবি উঠে আসে। সভায় এবি পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি।’
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, একটি রিক্রুটিং এজেন্সিকে লাইসেন্স দেওয়ার আগে সরকার নানা ধরনের যাচাই-বাছাই করে। এত পরীক্ষা-নিরীক্ষার পর লাইসেন্স দেওয়ার পরও যদি এজেন্সিগুলো কাজের সুযোগ না পায়, তাহলে লাইসেন্স দেওয়ার অর্থ কী?
তিনি আরও বলেছেন, সব লাইসেন্সধারী এজেন্সিকে স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে কাজের সুযোগ দিতে হবে। একই সঙ্গে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে শ্রমিকদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া যাবে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ৫ আগস্টের আন্দোলনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা আন্দোলনে অংশ নেওয়ার পাশাপাশি রেমিট্যান্স পাঠানো বন্ধ রেখেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। বিদেশে কঠোর পরিশ্রম করে শ্রমিকেরা যে বৈদেশিক মুদ্রা দেশে পাঠান, তা যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি তাদের স্বার্থ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ড. আবু আহমেদ বলেছেন, নির্দিষ্ট ২৫টি কোম্পানির মধ্যে জনশক্তি রপ্তানির সুযোগ সীমাবদ্ধ না রেখে তা উন্মুক্ত করা হলে প্রতিযোগিতা বাড়বে এবং শ্রমিকদের বিদেশ যাওয়ার খরচ কমবে। সহজ, স্বচ্ছ ও কম খরচে বিদেশ যাওয়ার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, প্রবাসী শ্রমিকেরা সামান্য আয়ের জন্য বিদেশে অসহনীয় কষ্ট করেন। অথচ অনেক ক্ষেত্রে তাদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ন্যূনতম মানবিকতাও দেখা যায় না। শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলে গর্ব করলেই হবে না, তাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
তিনি ২৫ কোম্পানির কথিত সিন্ডিকেট বাতিল করে কম খরচে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় শ্রমিক পাঠানোর দাবি জানান।
পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেছেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোকে কেন্দ্র করে আবারও পুরোনো সিন্ডিকেট সক্রিয় করা হয়েছে। কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কীভাবে ১৭টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হলো, তার জবাব দিতে হবে।
বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে গড়ে ওঠা সিন্ডিকেট এখনো বহাল থাকা দুঃখজনক। বর্তমান নীতিমালায় সিন্ডিকেট আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বায়রার সাবেক যুগ্ম মহাসচিব নুরুল আমিন মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের বিষয়ে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। তার প্রত্যাশা, অতীতের সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দিয়ে শ্রমিকদের জন্য উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হবে।
সভায় সাংবাদিক রাজীব আহমেদ মালয়েশিয়ার শ্রমবাজার, গণমাধ্যমে সিন্ডিকেটের কার্যক্রম এবং প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বক্তব্য দেন।
এবি পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব মিনার বলেছেন, মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সুযোগ তৈরি করলেও পুরোনো সিন্ডিকেট আবার সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। শ্রমিকদের স্বার্থে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।




