এনসিপি
বাঁধনের ওপর হামলা ফ্যাসিবাদী গোষ্ঠীর হিংস্র মানসিকতার বহিঃপ্রকাশ

সোমবার ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটে
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, দেশজুড়ে গণহত্যা ও জুলুম চালিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী দেশ থেকে পালিয়ে এখন বিদেশের মাটিতে বসে জুলাই যোদ্ধাদের ওপর রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী হামলা চালানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ভেনিসে সুপরিচিত সাংস্কৃতিক কর্মী ও জুলাই যোদ্ধা বাঁধনের ওপর হামলা, তাকে শারীরিকভাবে হেনস্তা এবং তার সঙ্গে থাকা নারী ও শিশুকে আঘাত করার ঘটনা তাদের হিংস্র ও খুনে মানসিকতার বহিঃপ্রকাশ। এ ধরনের হামলার মধ্য দিয়ে বিদেশের মাটিতেও তাদের রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত থাকার বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।
বিবৃতিতে এনসিপি নেতৃবৃন্দ বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভেনিসে উপস্থিতি। তার ঘনিষ্ঠ সন্ত্রাসীরাই এই হামলা চালিয়েছে। তার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা চিহ্নিত আওয়ামী লীগ ক্যাডাররাই ভেনিসে বাঁধন ও তাঁর পরিবারের ওপর এই ন্যক্কারজনক হামলা চালায়।
এনসিপি নেতারা বলেন, বিদেশে অবস্থানরত পরাজিত ও পলাতক ফ্যাসিবাদের শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ মদদ ও উসকানিতেই রাজনৈতিক সন্ত্রাস ও হামলার ঘটনা পরিচালিত হচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করে, এই ফ্যাসিবাদী গোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক পুনর্মিলনের সুযোগ নেই।
তারা বলেন, যারা বিদেশের মাটিতেও জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালাতে দ্বিধা করে না, তাদের স্থান কেবল আইনের কাঠগড়ায়। স্বৈরাচারের পতন ঘটানো জুলাই যোদ্ধারা জাতীয় সম্পদ। বিদেশের মাটিতে সন্ত্রাসী সংগঠনের ক্যাডাররা তাদের ওপর হামলা চালানোর যে দুঃসাহস দেখিয়েছে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি নেতৃবৃন্দ বলেন, ইতালী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করে হামলায় জড়িত চিহ্নিত আওয়ামী লীগ ক্যাডারদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তাদের ভিসা বাতিল করে বাংলাদেশে বহিষ্কার এবং আইনের আওতায় আনার উদ্যোগ নিতে হবে।
বিদেশে অবস্থানরত সব জুলাই যোদ্ধা, প্রবাসী বিপ্লবী কর্মী ও সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের করের অর্থে পরিচালিত বাংলাদেশ দূতাবাসগুলোকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে এনসিপি বলেছে, ভেনিসের এই হামলায় জড়িতদের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করা না হলে বর্তমান সরকারকে কঠিন জবাব দিতে হবে। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক সব মঞ্চে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।






