বিরোধীদের ১ দফার যুক্তি খুঁজে ‘পাচ্ছেন না’ স্বরাষ্ট্রমন্ত্রী

পুরান ঢাকার ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে আজ স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে সালাহউদ্দিন আহমদ।
সরকারের বছর না গড়াতেই বিরোধী দল সরকার পতনের এক দফা দাবি কেন তুলল, তার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধীদের লংমার্চ থেকে এক দফা দাবি তোলার পর পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, চার বছরের মাথায় আন্দোলনের যুক্তি থাকলেও সাত মাসের মাথায় এ ধরনের তৎপরতা ভিত্তিহীন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) পুরান ঢাকার ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে স্থানীয় বিএনপির এক সমাবেশে একথা বলেন সালাহউদ্দিন।
সরকারের বিগত সাত মাসের কাজের সাফল্য ও পরিকল্পনার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যাপক জনআকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছে। সরকার যখন রাজনৈতিক শৃঙ্খলা রক্ষা, সাংবিধানিক সংস্কার এবং গণতন্ত্র সুসংহত করার কাজ করছে, তখন একটি রাজনৈতিক গোষ্ঠী সাত মাসের মাথায় সরকার পতনের এক দফা এবং লং মার্চের মতো কর্মসূচির হুংকার দিচ্ছে।
সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণ না করে বিরোধী দলের রাজপথে কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘তারা উত্তরের লংমার্চ শেষ করে দক্ষিণে যাচ্ছেন, আবার পূর্বে ও পশ্চিমে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে বাংলাদেশের মানুষ তাদের এই কৌশল বুঝে গেছে।’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের দিকে দৃষ্টি দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। তেলের দাম বৃদ্ধিতে সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমা মাত্রই অনুপাতিক হারে বাংলাদেশেও তেলের দাম কমিয়ে আনা হবে।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনাও নাকচ করে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন।
তিনি বলেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, সেই আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। ২০২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই।
ভারতে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফেরা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডিত শেখ হাসিনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত-বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাইছে ঢাকা।
‘আমরাও চাই, তিনি এ দেশে ফেরত আসুন এবং বিচারের মুখোমুখি হোন। সাজাপ্রাপ্ত আসামিরা যে দেশে অবস্থান করছেন, সেই দেশের সরকারকে বিনীত আহ্বান জানাই, আপনারা তাদের ফিরিয়ে দিন।’
‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে’ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ হয়।



