দেশ ও জনগণের স্বার্থবিরোধী কিছু করলে আমরা লড়াই করব: জামায়াত আমির

সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত আমির দেশ এবং জনগণের ভালোর জন্য সরকার কোন উদ্যোগ নিলে আমাদের সমর্থন পাবে। তবে জনস্বার্থের বিপক্ষে কিছু করলে আমরা জনগণের হয়ে লড়াই করব, প্রতিরোধ গড়ে তুলব।’
তিনি বলেন, ‘জনগণকে সাথে নিয়ে আমাদের এই ক্ষেত্রে নীতিমালা একেবারেই স্পষ্ট। আমরা দেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি।’ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথের পর সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘আমরা জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে পারিনি। সরকারি দল হতে পারিনি, আফসোস নেই। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে নির্বাচনের উৎসব মিলিয়ে গেছে। দেশের মানুষ পরিপূর্ণভাবে তাদের আমানত পূরণ করতে পারেনি। গভীর রাতে শপথের চিঠি দিয়েছে। এটি অস্বস্তিকর।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা, গণভোটের রায়কে সম্মান দেখিয়েছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জনআকাঙ্ক্ষার বিপরীত। এটা সংস্কারের বিরোধী। বিএনপি জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। জুলাইকে অসম্মান করে সংসদ গৌরবের আসনে বসতে পারে না।’
তিনি আরো বলেন, ‘গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক এটা আমাদের চাওয়া। প্রত্যেক নাগরিক যেন নিরাপত্তা পায়, কর্মসংস্থান সৃষ্টি হোক, এটি আমরা চাই। নির্বাচনের রাত থেকে বিভিন্ন এলাকায় আমাদের ভোট দেওয়ার কারণে নারী-পুরুষের ওপর হামলা হচ্ছে। এটা বন্ধ হোক, এটা আমরা চাই। ইতিবাচক ভূমিকা হলে সহযোগিতা পাবে সরকার।’

