ইসির সংলাপে ১১ দলকে একসঙ্গে চায় জামায়াত, একা যেতে চায় এনসিপি

গ্রাফিকস: আগামীর সময়
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক মতবিনিময় শুরু হচ্ছে আগামীকাল রবিবার। প্রথম দিনেই সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে জামায়াতে ইসলামী। তবে নির্ধারিত সূচি অনুযায়ী এককভাবে আলোচনায় বসতে চায় না দলটি। ১১-দলীয় ঐক্যের সব শরিককে নিয়ে জোটগতভাবে সংলাপে অংশ নিতে চায় জামায়াত। এ জন্য জোটের পক্ষ থেকে কমিশনের কাছে আলাদা সময় চেয়ে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় পরিচয়েই সংলাপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১ ডিসেম্বর দলটিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে ইসি।
জামায়াতের চাওয়া, ১১ দলের অভিন্ন রাজনৈতিক অবস্থান ও নির্বাচনসংক্রান্ত দাবিদাওয়া একসঙ্গে কমিশনের সামনে তুলে ধরা। তবে এনসিপির নেতাদের একটি অংশ মনে করছে, স্থানীয় সরকার নির্বাচনে পৃথকভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলগুলো। তাই ইসির সঙ্গে মতবিনিময়েও প্রত্যেক দলের নিজস্ব অবস্থান তুলে ধরার সুযোগ থাকা উচিত। যদিও জোটগতভাবে আলোচনার সুযোগ তৈরি হলে তাতেও আপত্তি নেই দলটির।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার আগামীর সময়কে বলেন, ‘ইসি আমাদের আগামী ১ ডিসেম্বর সংলাপের জন্য ডেকেছে। আমি সে অনুযায়ী যেতে প্রস্তুত। ওইদিন আমাদের একটি প্রতিনিধিদল ইসিতে যাবে।’
জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জামায়াত ইসিকে জানিয়েছে, তারা জোটগতভাবে বসতে চায় এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে। এখন ইসি যদি সেটি অনুমোদন করে, তাহলে জোটগতভাবে অংশ নেব। এতে আমাদের কোনো সমস্যা নেই।’
তবে এনসিপির ভেতরে এককভাবে সংলাপে অংশ নেওয়ার পক্ষেও মত রয়েছে। দলটির নেতাদের যুক্তি, ইসি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে প্রত্যেককে আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনেও দলগুলো আলাদাভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে ক্ষেত্রে ইসির সঙ্গে আলোচনায় নিজেদের রাজনৈতিক অবস্থান, প্রস্তাব ও পর্যবেক্ষণ সরাসরি তুলে ধরার সুযোগ থাকা প্রয়োজন।
অন্যদিকে, জোটগত অংশগ্রহণের বিষয়ে অনড় জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ে ১১ দল একসঙ্গে অংশ নিতে চায়। এ বিষয়ে কমিশনের জ্যেষ্ঠ সচিবকে জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আবেদন করা হবে, যাতে জোটের জন্য আলাদা সময় বরাদ্দ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতে ইসলামীর এক নেতা বলেন, ‘কাল নির্ধারিত সূচি অনুযায়ী ইসির সঙ্গে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেই। আমরা জোটগতভাবে অংশ নিতে চাই।’
এর আগে শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে এনসিপি ও এবি পার্টি ছাড়া অন্য শরিক দলগুলো জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার পক্ষে মত দেয়। এনসিপির পক্ষ থেকে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানানোর কথা বলা হয়।
জামায়াত নেতারা মনে করছেন, নির্বাচন ও রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন বিষয়ে ১১ দলের অবস্থান অভিন্ন। তাই ইসির সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনা না করে সম্মিলিতভাবে দাবি ও প্রস্তাব তুলে ধরলে জোটের অবস্থান স্পষ্ট হবে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের করণীয় এবং নির্বাচনী পরিবেশ নিয়ে অভিন্ন প্রস্তাব দিতে চায় তারা।
তবে, এনসিপির অবস্থানের পেছনে দলীয় স্বাতন্ত্র্য বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। দলটির নেতারা মনে করছেন, ১১-দলীয় ঐক্যের অংশ হলেও এনসিপির নিজস্ব রাজনৈতিক কর্মসূচি, সংস্কারভাবনা ও নির্বাচনী অবস্থান রয়েছে। সেগুলো সরাসরি কমিশনের সামনে তুলে ধরতে পারলে দলীয় অবস্থান স্পষ্ট করা সহজ হবে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে ইসি। এ সময়ে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার পরিকল্পনা রয়েছে। প্রথম দিন জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দ্বিতীয় দিন ৩০ নভেম্বর ১৮টি এবং শেষ দিন ১ ডিসেম্বর আরও ১৮টি দলের সঙ্গে মতবিনিময়ের সূচি রয়েছে। শেষ দিনের আমন্ত্রণ পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে এনসিপি ও এবি পার্টি।
এদিকে, ইসির সংলাপে অংশগ্রহণের ধরন নিয়ে ১১-দলীয় ঐক্যের শরিকদের মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় রাজনৈতিক সংলাপে একসঙ্গে অংশ নেওয়ার বিষয়ে জোটের অবস্থান অভিন্ন বলে জানিয়েছেন নেতারা। জামায়াত নেতাদের ভাষ্য, রাজনৈতিক সংকট নিরসন, জুলাই সনদের গণভোটের রায় বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জোটের শরিকদের অবস্থান একই।




