হাসিনা বেঁচে থাকলে দেশের গণতন্ত্র নিরাপদ থাকবে না : হুইপ দুলু

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছেন। সুতরাং যতদিন পর্যন্ত পলাতক শেখ হাসিনা বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ না। প্রত্যর্পণ আইনে অবিলম্বে তাকে ফিরিয়ে এনে ফাঁসির দণ্ড কার্যকর করতে হবে।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও-নৈরাজ্যের বিরুদ্ধে ‘জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী এতে সভাপতিত্ব করেন।
হুইপ দুলু বললেন, শেখ হাসিনা নাকি আগামী ১৬ ডিসেম্বরে আসবেন। আসলে তিনি নাটক করবেন। তিনি কীভাবে উঠবেন প্লেনে? তিনি প্লেনে উঠতে পারবেন না। কারণ, তিনি বাংলাদেশের বিচারে খুনি এবং কনভিক্টেড। কোনো খুনি তো প্লেনে উঠতে পারেন না। তা ছাড়া তার তো পাসপোর্ট নেই, সেটি বাতিল হয়ে গেছে। সেজন্য বাংলাদেশ তাকে ভারত সরকারের কাছে ফেরত চাইছে। আইন অনুযায়ী ভারত সরকার একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। পরে তার ফাঁসি বা সাজা কার্যকর করা হবে, এটাই আইন।
তিনি যোগ করেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে নেতাকর্মীদের ঘরছাড়া করেছেন। পরে তিনি আসবেন না এবং তখন বলবেন যে, আমাকে যেতে দিল না। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের আবারও হতাশ করবেন।
দুলুর দাবি, জনগণের আন্দোলনে ক্ষমতাচ্যুত কোনো শক্তি অতীতে দেশে ফিরতে পারেনি এবং ভবিষ্যতেও আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার কোনো সুযোগ নেই। জনগণ তাদেরকে সে সুযোগ দেবে না।
জাতীয় সংসদের এই হুইপ বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল এবং লুটপাট-দুর্নীতির মাধ্যমে অর্থনীতি, ব্যাংক ও শিল্পকারখানাসহ বিভিন্ন খাত ধ্বংস করেছে। আর পাচার করা সেই অর্থ দিয়ে দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া যাবে না। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে যেকোনো অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান দুলু।
আগামী ১৬ ডিসেম্বরকে সামনে রেখে সম্ভাব্য অস্থিতিশীলতা ও আতঙ্ক তৈরির চেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে হুইপ দুলু বললেন, প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ এলাকায় পাহারা দিয়ে সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে সোপর্দ করা। এ লক্ষ্যে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।




