গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াত আমির

ছবি: আগামীর সময়
গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ অনুযায়ী সংস্কার করা হলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সংলাপের প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘এই দুই জায়গা ছাড়া কখনোই জাতীয় ঐক্য হবে না। এই দুইটা মেনে নিলে জাতীয় ঐক্যের জন্য সংলাপ বা বৈঠকের প্রয়োজন হবে না।’ রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, সংসদ অধিবেশনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে তার ১৫ মিনিট কথা হয়েছে। প্রধানমন্ত্রী চায়ের দাওয়াত দিয়েছিলেন, তিনি সেখানে গিয়েছিলেন। ওই সময় প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে বলেছেন, তারা জাতীয় ঐক্যের পক্ষে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং গণভোটের রায় কার্যকর না করার মাধ্যমে সরকারই জাতীয় ঐক্য নষ্ট করছে।
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেছেন, একটি দলকে বিদায় করে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য মানুষ রক্ত দেয়নি। জনগণ ব্যাপক পরিবর্তন চেয়েছিল এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিল। কিন্তু সেই ম্যান্ডেট বিএনপি ছিনিয়ে নিয়েছে।
তিনি আরও বলেছেন, পরিবর্তনের জন্য জামায়াতে ইসলামী লড়াই চালিয়ে যাবে। সংসদ ও রাজপথে সমানভাবে লড়াই চলবে। সংসদ অকার্যকর ও জাতির বোঝা হয়ে গেছে বলে মনে হলে, তারা সেই সংসদে থাকবেন না বলেও জানান জামায়াত আমির।
বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, প্রতিনিয়ত তাদের নেতাকর্মীদের শোকজ ও বহিষ্কারের ঘটনা ঘটছে। কারণ, তারা স্বৈরাচারের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, যোগাযোগ রাখছেন এবং ব্যবসার ভাগ-বাটোয়ারা করছেন। এসব থেকে সরকার বেরিয়ে না এলে জাতীয় ঐক্যের প্রশ্নই আসে না।
প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে ফ্যাসিবাদমুক্ত সমাজ বিনির্মাণ করতে চাইলে এসব জায়গায় সংশোধন আনার আহ্বান জানান শফিকুর রহমান।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেছেন, নিজেদের ক্ষমতা ঠিক রেখে সব অপকর্ম আগের মতো চলবে, আর বিরোধী দল গিয়ে সরকারের চৌকিদারের ভূমিকা পালন করবে— এমনটি ভাবার কোনো কারণ নেই। বিরোধী দল এত বোকা নয়।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত বন্ধ করতে হবে, গণহত্যার বিচার করতে হবে এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জুলাই সনদ অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। এসব শর্ত পূরণ করা হলে সরকারকে সহযোগিতা করা হবে। এর বাইরে জাতীয় ঐক্য বা সহযোগিতার কোনো সুযোগ নেই।



