বাবা গুম, মা প্রয়াত— রিফাদের ভবিষ্যৎ গড়তে প্রধানমন্ত্রী পৌঁছালেন পাঠ্যপুস্তক

সংগৃহীত ছবি
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও দারুসসালাম থানা শাখার সাবেক সহ-সভাপতি মফিজুল ইসলাম রাশেদ ২০১৩ সালের ৪ এপ্রিল গুমের শিকার হন। এরপর থেকে বাবার অপেক্ষায় অনিশ্চয়তার মধ্যেই বেড়ে উঠছে তার ছোট ছেলে রামীমুল ইসলাম রিফাদ।
স্বামীর গুমের বিচারের জন্য ছোটাছুটিতে মোহাম্মদপুরে রিফাদের মা রুমা বেগম ২০২১ সালের নভেম্বরে সড়ক দুর্ঘটনায় মারা যান। মায়ের মৃত্যুর পর সাভারের হেমায়েতপুরে পরিবারের বসতভিটাটুকুও চাচার দখলে চলে যায়। ফলে বাবা-মা দুজনকেই হারিয়ে রিফাদ বর্তমানে চাঁদপুরে খালার কাছে থেকে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে। এবার সে এসএসসি পরীক্ষার্থী।
গুম পরিবারের সন্তান রিফাদের এসএসসি পরীক্ষার জন্য কিছু বই ও টেস্ট পেপার প্রয়োজন। রিফাদের বড় ভাই রিমন বিষয়টি জানালে বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
আজ শুক্রবার রিফাদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই ঢাকায় তার ভাই রিমনের হাতে পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আব্দুল জলিল, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলাম, ইয়াসির আরাফাত মিরাজ প্রমুখ।



