আগামীর চোখ
সংসার দীর্ঘজীবী হোক

প্রতি
সর্বংসহা প্রকৃতি
শ্রীচরণেষু, তোমার চরণে প্রকৃতির এক নগণ্য সন্তানের প্রণাম ও ভালোবাসা নিও। আমি আগামীর সময়ের একজন নিয়মিত পাঠক। পত্রিকার পাতা ওল্টাতে গিয়ে এক অদ্ভুত বিয়ের খবর পড়ে রীতিমতো আনন্দে আত্মহারা হয়েছি। খবরের শিরোনাম— ‘বট-পাকুড়ের বিয়ে’।
মা, তোমার পৃথিবীতে কত বিচিত্র বিয়েই না ঘটে! কিন্তু বট আর পাকুড়ের বিয়ে! এ যে একেবারে প্রকৃতির রাজ্যে রাজকীয় আয়োজন! বিয়েতে এক হাজার মানুষের খাবারের ব্যবস্থা আছে। ভাবছি, নিমন্ত্রণপত্রে কি লেখা ছিল— ‘মানুষের উপস্থিতি একান্ত কাম্য, তবে বর-কনের আত্মীয়স্বজন হিসেবে পাখি, কাঠবিড়ালি ও মৌমাছিদের অগ্রাধিকার দেওয়া হবে!’
একটা কথা জানতে বড় ইচ্ছে করছে। বট সাহেবের সঙ্গে পাকুড় সুন্দরীর বিয়েতে ঘটকালি কে করল? কোনো পরিবেশবিদ, নাকি বন বিভাগের কর্মকর্তা? পাত্রের বংশপরিচয় জানতে কি বটের ঝুরি গুনতে হয়েছিল? আর পাত্রী পাকুড়ের রূপের প্রশংসায় কি পাখিরা গান গেয়েছিল? বিয়ের আসরে পুরোহিত হিসেবে কোনো প্রবীণ বটগাছ দায়িত্ব পালন করলে অবশ্য মন্দ হতো না!
সংসার টিকিয়ে রাখতে যৌতুক লাগে না, লাগে ভালোবাসা ও দায়িত্ববোধ
তবে মা, বিয়ের এ আনন্দের মধ্যেও আমার মনে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে। বট-পাকুড়ের বিয়েতে যৌতুকের প্রসঙ্গ না থাকাতে আমার আনন্দ কয়েকগুণ বেড়ে গিয়েছে। আমাদের মনুষ্য সমাজে অভিশপ্ত যৌতুকপ্রথা এখনো বিদ্যমান। অথচ এ বৃক্ষসমাজে আছে শুধু ছায়ামায়া, স্নেহ-ভালোবাসা। এ থেকে মানবসমাজ শিক্ষা নিতে পারে। মানুষকে একটু শিক্ষা দিও। মানুষ নামের শ্রেষ্ঠ জীবটি আজ বিয়েকে অনেক ক্ষেত্রে ভালোবাসার বন্ধন না বানিয়ে যৌতুকের বাজার ও টাকা বানানোর উপলক্ষে পরিণত
আরেকটি অনুরোধ মা। বট-পাকুড়ের বিয়ে উপলক্ষে যারা এক হাজার মানুষকে খাওয়ানোর আয়োজন করেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। বিয়ের পর যেন বর-কনের চারপাশের গাছপালা কেটে ফেলে খাবারের আয়োজনের জায়গা তৈরি না করা হয়! বিয়ের আনন্দে প্রকৃতিরই যদি ক্ষতি হয়, তাহলে সেই বিয়ে দিয়ে প্রকৃতির কী লাভ?
বট-পাকুড়ের সংসার দীর্ঘজীবী হোক। তাদের ছায়ায় পাখিরা বাসা বাঁধুক, পথিক বিশ্রাম নিক, শিশুরা খেলুক। আর তাদের বিয়ের খবর পড়ে মানুষ অন্তত একটি শিক্ষা নিক— সংসার টিকিয়ে রাখতে যৌতুক লাগে না, লাগে ভালোবাসা ও দায়িত্ববোধ।
ইতি
তোমার এক নগণ্য সন্তান
আগামীর সময়ের এক পাঠক



