সম্পাদকীয়
সৌর সম্ভাবনা

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সৌরবিদ্যুৎ এখন আর শুধু বিকল্প ব্যবস্থা নয়, বরং অর্থনৈতিক সাশ্রয়, পরিবেশ সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে শিল্পকারখানায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে পরিবেশ সৃষ্টি হচ্ছে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ও ব্যয়, গ্যাস সংকট এবং নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখার চ্যালেঞ্জের মধ্যে সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এ উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক।
সৌরবিদ্যুতের বড় সুবিধা হলো— এর স্থাপনা একবার তৈরি হলে দীর্ঘ সময় তুলনামূলক কম ব্যয়ে বিদ্যুৎ পাওয়া যায়। শিল্পকারখানার অব্যবহৃত ছাদকে বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রে পরিণত করা সম্ভব। এতে একদিকে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমছে, অন্যদিকে উৎপাদন ব্যয়ও হ্রাস পাচ্ছে। পাশাপাশি আমদানিনির্ভরতা কমছে। একই সঙ্গে ভোক্তাসাধারণ অনেক কম মূল্যে বিদ্যুৎ পাবেন। সৌরবিদ্যুৎ ব্যবহারে শিল্পপ্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য অর্থ সাশ্রয়ের সুযোগ রয়েছে।
এক্ষেত্রে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি শুধু সৌরবিদ্যুতের সুফল নিয়ে আলোচনা করছে না, নিজস্বসহ দেশের বিভিন্ন শিল্পকারখানায় তা বাস্তবায়নেরও উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। মেঘনা গ্রুপের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনক্ষমতা বর্তমানে ৬৫ মেগাওয়াট। নতুন সাতটি কারখানায় আরও ৪৫ মেগাওয়াট সক্ষমতার প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তা সম্পন্ন হলে প্রতিষ্ঠানটির সৌরবিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১১০ মেগাওয়াটে পৌঁছাবে। এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত ও উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।
সৌরবিদ্যুতে যে সাশ্রয় সেটা শুধু শিল্পমালিকের মুনাফা বৃদ্ধির বিষয় নয়। উৎপাদন ব্যয় কমলে পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ে, রপ্তানি বাজারে টিকে থাকা সহজ হয় এবং দেশের অর্থনীতিও উপকৃত হয়। পাশাপাশি দিনের বেলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রেও সৌরবিদ্যুতের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে এটি একই সঙ্গে অর্থনৈতিক ও পরিবেশগতভাবে লাভজনক।
এ সম্ভাবনা বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে দেশের মেঘনা গ্রুপের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। মেঘনা গ্রুপের সৌরবিদ্যুৎ কার্যক্রমের বিস্তৃতির যে চিত্র পাওয়া যায়, তা আরও আশাব্যঞ্জক। প্রতিষ্ঠানটি শুধু কারখানার ছাদেই সৌরপ্যানেল স্থাপনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না; ভবনের সম্মুখভাগ, সীমানাপ্রাচীর এবং সড়ক বিভাজকেও সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা খুঁজছে। অর্থাৎ অব্যবহৃত জায়গাকেও বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর সৃজনশীল চিন্তা করছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের সক্ষমতা প্রায় ১১৫ মেগাওয়াটে পৌঁছাতে পারে। এ অভিপ্রায়টি ইতিবাচক। বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো যদি নিজেদের জ্বালানি চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ নিজেরা উৎপাদন ও নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করতে পারে, জাতীয় জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে। মেঘনা গ্রুপের বিনিয়োগ অন্য শিল্পোদ্যোক্তাদেরও উৎসাহিত করবে বলে অামাদের বিশ্বাস।
মনে রাখা দরকার, শুধু সৌরবিদ্যুৎ দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবে না। সূর্যালোকের প্রাপ্যতা, আবহাওয়া এবং বিদ্যুৎ সংরক্ষণের সীমাবদ্ধতা রয়েছে। সৌরবিদ্যুতের পাশাপাশি অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির বিকাশ, আধুনিক গ্রিডব্যবস্থা এবং বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তির সমন্বিত উন্নয়ন প্রয়োজন।
এক্ষেত্রে সরকারেরও দায়িত্ব রয়েছে। সৌরবিদ্যুৎ স্থাপনের যন্ত্রপাতি আমদানিতে যৌক্তিক শুল্কসুবিধা, সহজ ঋণ, দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা এবং প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগব্যবস্থা নিশ্চিত করতে হবে। বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি মাঝারি ও ক্ষুদ্র শিল্প, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি-বেসরকারি অফিস এবং আবাসিক ভবনেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো প্রয়োজন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ খাতে বিনিয়োগবান্ধব ঋণব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যাটারি প্রযুক্তির প্রসারেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।



