সম্পাদকীয়
মিয়ানমারের শুভবুদ্ধি হোক

গ্রাফিকস: আগামীর সময়
রোহিঙ্গা সংকটের ন্যায়বিচারের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের মধ্য দিয়ে। আদালতের ঐতিহাসিক সিদ্ধান্ত রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার সত্যকে আন্তর্জাতিক আইনের কাঠামোয় প্রতিষ্ঠিত করেছে। মিয়ানমার আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলে নেতিবাচক প্রতিক্রিয়া দেখানোয় ধৃষ্টতা স্পষ্ট হয়েছে। তারা আবার নতুন টালবাহানা শুরু করেছে, এমনটি কাম্য নয়। এই রায় দ্রুত বাস্তবায়ন করে মিয়ানমার আদালতকে মান্য করবে এবং শুভবুদ্ধির পরিচয় দেবে বলে আমাদের প্রত্যাশা।
রোহিঙ্গা সংকটের সূচনা হয়েছিল মিয়ানমারের রাষ্ট্রীয় নিপীড়ন, বৈষম্য, জাতিগত বিদ্বেষ ও নির্মম নির্যাতনের মধ্য দিয়ে। আর সে সংকটের সবচেয়ে বড় মানবিক বোঝা বহন করছে বাংলাদেশ। মিয়ানমার নিজের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে লাখ লাখ রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করেছে, আর বাংলাদেশ মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তাদের আশ্রয় দিয়েছে। কিন্তু সেই আশ্রয় অনির্দিষ্টকালের জন্য হতে পারে না, তা এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে যেমন বুঝতে হবে, তেমনি মিয়ানমারকেও উপলব্ধি করতে হবে। রোহিঙ্গাদের ঘরে ফেরার অনিশ্চয়তা নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে। অন্যদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বক্তব্য, ‘রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে’ এই সংকট সমাধানে বাংলাদেশের দীর্ঘদিনের দাবিরই প্রতিধ্বনি।
রোহিঙ্গা সংকট কোনো সাধারণ শরণার্থী সমস্যা নয়। এটি একটি জাতিগোষ্ঠীর অস্তিত্ব, অধিকার, নিরাপত্তা ও নিজস্ব পরিচয় কেড়ে নেওয়ার নির্মম ইতিহাস। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর নৃশংসতার মুখে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। বাংলাদেশ সে সময় খুলে দিয়েছিল মানবতা ও মহানুভবতার দরজা।
বাংলাদেশ ও জনগণের মানবিক অবস্থান বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছিল। সীমিত সম্পদ, অর্থনৈতিক বাস্তবতা ও নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। কক্সবাজারের উখিয়া-টেকনাফে গড়ে উঠেছে বিশ্বের অন্যতম বড় শরণার্থী আশ্রয়শিবির। বিপন্ন মানুষের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা করতে বাংলাদেশ দীর্ঘদিন বিপুল অর্থনৈতিক ও প্রশাসনিক চাপ মোকাবিলা করছে।
রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, শিকড় রাখাইন রাজ্যে। সুতরাং তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও মিয়ানমারের। যে রাষ্ট্রের নিপীড়ন ও বৈষম্যের কারণে তারা বাস্তুচ্যুত হয়েছে, সেই রাষ্ট্রকেই তাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি করতে হবে।
মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা এখন সবচেয়ে জরুরি। বিশেষ করে চীন, ভারতসহ মিয়ানমারের ওপর প্রভাব রয়েছে এমন দেশগুলোর দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাদের উচিত মিয়ানমারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আইসিজের রায় বাস্তবায়ন ছাড়া এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।
আমরা চাই না রোহিঙ্গারা চিরকাল শরণার্থী হয়ে থাকুক; তারা সম্মানের সঙ্গে নিজেদের বাস্তুভিটায় ফিরুক। তাদের ঘরে ফেরার পথ যেন আর প্রতিশ্রুতির গোলকধাঁধায় আটকে না থাকে। আইসিজের রায় বাস্তবায়িত হোক, মিয়ানমার তার নাগরিকদের ফিরিয়ে নিক এবং রোহিঙ্গাদের জীবনে ফিরে আসুক শান্তি, নিরাপত্তা ও মর্যাদা। এটিই হোক বাংলাদেশের ন্যায়সংগত দাবি, বিশ্বমানবতার প্রত্যাশা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকার।
আইসিজের রায় বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক বিচার আদালতের মামলায় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর রায় মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। কোনো পক্ষ রায় বাস্তবায়নে ব্যর্থ হলে অন্যপক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। যদিও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে বাস্তবায়নের পথে রাজনৈতিক বাধা সৃষ্টি হতে পারে, তবু সেই আশঙ্কাকে অজুহাত হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের মর্যাদা রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।



