আগামীর চোখ
কমোডেরও প্রটোকল আছে

গ্রাফিকস: আগামীর সময়
বরাবর
মাননীয় রেলপথমন্ত্রী
ময়মনসিংহ রেলস্টেশনে প্রতিদিন প্রায় ১০ হাজার যাত্রীর যাতায়াত। তাদের জন্য প্রথম শ্রেণির বিশ্রামাগারে একটিমাত্র টয়লেট। নারী-পুরুষ সবাই মিলে সেটি ব্যবহার করেন। বাইরে চার-পাঁচজনের অপেক্ষমাণ সারি। ভিআইপিদের জন্য অবশ্য আলাদা দুটি টয়লেট রয়েছে। খবরটি পড়ে বুঝলাম, আমাদের রাষ্ট্রে মলমূত্র ত্যাগের ক্ষেত্রেও শ্রেণিশাসন অটুট। কারও জন্য দুটি কমোড, কারও জন্য ১০ হাজারে একটি। রাষ্ট্রের চোখে সবাই সমান, শুধু পেটের চাপ আর অধিকার সমান নয়!
এখানে ভিআইপি হওয়ার সুবিধা অনেক। আলাদা রাস্তা, আলাদা নিরাপত্তা, আলাদা বিশ্রামাগার, আলাদা টয়লেট। সাধারণ মানুষের ভাগে গণতন্ত্রের সবচেয়ে বাস্তব অভিজ্ঞতা— লাইনে দাঁড়ানো। ভোটের আগে তারা জনগণ, ভোটের পরে যাত্রী, আর টয়লেটের সামনে দাঁড়ালে নিছক অপেক্ষমাণ শরীর। নাগরিকত্বের এমন চমৎকার প্যাকেজ আর কী হতে পারে!
মন্ত্রী মহোদয়, একটি দেশের গণশৌচাগার দেখলে তার সভ্যতার বিজ্ঞাপন আর বাস্তবতার মধ্যে দূরত্ব কতটা, তা সহজেই বোঝা যায়। পরিচ্ছন্ন টয়লেট কোনো বিলাসিতা নয়; এটি জনস্বাস্থ্যের মৌলিক অবকাঠামো। অথচ আমাদের এখানে রাষ্ট্রীয় আধুনিকতার সংজ্ঞা বদলে গেছে। স্টেশন ঝকঝকে হবে, ডিজিটাল বোর্ড জ্বলবে, উন্নয়নের ছবি উঠবে; শুধু মানুষকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জায়গাটুকু দেওয়া যাবে না। রাষ্ট্রের উন্নয়ন চোখে দেখা যায়; কিন্তু তার টয়লেটে ঢুকলে নাক বন্ধ রাখতে হয়!
রাষ্ট্রের চোখে সবাই সমান, শুধু পেটের চাপ আর অধিকার সমান নয়!
জনস্বাস্থ্যের কথা বললে নিশ্চয়ই আপনি একমত হবেন, অপরিচ্ছন্ন শৌচাগার সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এর মধ্যে স্টেশনের বাইরে টয়লেট খুঁজতে গিয়ে এক যাত্রীর ছিনতাইকারীর হাতে প্রাণ হারানোর ঘটনাও আছে। কী বিস্ময়কর সেবা! ভেতরে টয়লেট নেই, বাইরে নিরাপত্তা নেই। প্রয়োজন চেপে রাখুন, নয়তো জীবন বাজি রেখে প্রয়োজন সারুন। রেলওয়ের যাত্রীসেবার এই নতুন মডেলটির নাম দেওয়া যেতে পারে: ‘প্রস্রাব করুন নিজ দায়িত্বে, প্রাণহানির দায় কর্তৃপক্ষের নয়।’
শুনলাম, শোভনশ্রেণির যাত্রীদের জন্য দুটি টয়লেট নির্মাণাধীন। ১০ হাজার মানুষের জন্য একটি টয়লেট থেকে দুটি টয়লেট— এ এক অভাবনীয় উন্নয়নযাত্রা। এই গতিতে চললে আগামী শতাব্দীতে হয়তো আমরা যাত্রীপ্রতি একটি টয়লেটের স্বপ্ন দেখতে পারব। তবে ভিআইপিদের দুটি টয়লেটের পাশে সাধারণ মানুষের দুটি টয়লেট নির্মাণে এত দেরি কেন, সেটি বোঝা কঠিন। সম্ভবত কমোডেরও প্রটোকল আছে। সাধারণ মানুষের সঙ্গে ভিআইপিদের কমোডের সামাজিক
দূরত্ব বজায় রাখা জরুরি!
ইতি
এক রেলযাত্রী



