আগামীর চোখ
‘রইল বাকি এক’

গ্রাফিকস: আগামীর সময়
বরাবর
শিক্ষা সচিব
জনাব, ছোটবেলায় প্রায়ই বহুল প্রচলিত সংস্কৃত শ্লোক আওড়াতে হতো— ‘ছাত্রাণাম অধ্যয়নং তপঃ’। অর্থাৎ শিক্ষার্থীদের অধ্যয়নই তপস্যা। শিক্ষাকে আরাধনার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে সন্তানকে মানুষ করার জন্য জীবনের অনেক সাধ-আহ্লাদ বিসর্জন দিয়ে শিক্ষার পেছনে ছুটছি। ভেবেছিলাম, স্কুল-কলেজে পড়াশোনা করিয়ে সন্তানকে মানুষ করে তুলব। কিন্তু অতি সম্প্রতি শিক্ষামন্ত্রী মহোদয়ের আকস্মিক পরিদর্শনে রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে গিয়ে মাত্র একজন শিক্ষার্থী পাওয়ার সংবাদ দেখে আমার শিক্ষাব্যবস্থা সম্পর্কে দীর্ঘদিনের ধারণায় চিড় ধরেছে। এখন বুঝতে পারছি, আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীর সংখ্যার চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, ভবনের সৌন্দর্য, শিক্ষকের পদ-পদবি এবং সরকারি সুযোগ-সুবিধার হিসাবটাই বোধ হয় বেশি গুরুত্বপূর্ণ!
শিক্ষামন্ত্রী কলেজে গিয়ে যদি একজন শিক্ষার্থী পান, তাহলে প্রশ্ন জাগে— ওই কলেজের বাকি শিক্ষার্থীরা কোথায়? তারা কি উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছে, নাকি কলেজে না গিয়ে শিক্ষার আলোয় ঝলসে গেছে? বিষয়টি নিয়ে গবেষণা হওয়া দরকার। আমাদের দেশে একসময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের জায়গা হতো না, আর এখন কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থীর খোঁজে খোদ শিক্ষামন্ত্রীকেই হাজির হতে হয়!
আমি তো ভাবছি, বিড়ালদহ কলেজের ওই একমাত্র শিক্ষার্থীকে জাতীয় সম্পদ ঘোষণা করা উচিত
আমি তো ভাবছি, বিড়ালদহ কলেজের ওই একমাত্র শিক্ষার্থীকে জাতীয় সম্পদ ঘোষণা করা উচিত। কারণ, তিনি একাই একটি কলেজের শিক্ষার্থীসংখ্যার প্রতিনিধিত্ব করছেন। তিনি একাই হয়তো ক্লাসের প্রথম বেঞ্চ, শেষ বেঞ্চ, উপস্থিতির খাতা এবং পরীক্ষার হলের একমাত্র পরীক্ষার্থী। শিক্ষক যখন ক্লাসে ঢুকে বলবেন, ‘আজকের পাঠ শুরু করি’, তখন শিক্ষার্থীকে বলতে হবে, ‘স্যার, শুরু করুন, আমি উপস্থিত আছি।’ আবার শিক্ষক যখন প্রশ্ন করবেন, তখন উত্তর দেওয়ার জন্যও তাকেই হাত তুলতে হবে।
আমার কিছু প্রশ্ন আছে। ওই কলেজে যদি একজন শিক্ষার্থী থাকেন, তাহলে শিক্ষকরা কাদের পড়ান? তারা কি পালাক্রমে ওই এক শিক্ষার্থীর জন্য বিষয়ভিত্তিক ক্লাস নেন? বাংলা শিক্ষক কি একা একা কবিতা পড়ান, ইংরেজি শিক্ষক কি একক শিক্ষার্থীকে নিয়ে ইংরেজিতে কথোপকথন করেন? শিক্ষার্থীর সংখ্যা একজন হলেও শিক্ষকদের বেতন-ভাতা, প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল, ভবন রক্ষণাবেক্ষণ, অন্যান্য প্রশাসনিক ব্যয় নিশ্চয়ই একজনের অনুপাতে কমে যায়নি। তাহলে এই বিপুল আয়োজনের উদ্দেশ্য কী?
বলতে হচ্ছে, সবকিছুতে অংশগ্রহণ করে ওই শিক্ষার্থী নিজেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করতে পারবেন। তাই মনে পড়ে গেল যোগীন্দ্রনাথ সরকারের ‘হারাধনের দশটি ছেলে’ কবিতার লাইন ‘রইল বাকি এক’।
ইতি
একজন উদ্বিগ্ন অভিভাবক



