অংশগ্রহণকারীর চোখে কপ সম্মেলন
দেয়ালে টাঙানো, নাকি পাথরে গাঁথা

সংগৃহীত ছবি
তুরস্কের দক্ষিণ উপকূলের শহর আন্তালিয়ায় সন্ধ্যা নামে খুব ধীরে। ভূমধ্যসাগরের ওপর আলোটা অনেকক্ষণ ধরে কমলা হয়ে লেগে থাকে, যেন কেউ তাড়াহুড়ো করে বাতি নেভাতে চায় না।
প্রথম দিন শহরে বেরিয়ে অদ্ভুত লাগল, মনে হলো জায়গাটা আমার চেনা। পরে বুঝলাম কেন। সামনে সমুদ্র, পেছনে পাহাড়, মাঝখান দিয়ে নদী নেমে এসেছে সাগরে মিশবে বলে, আর তার গা ঘেঁষে পুরনো এক বন্দর। এ তো আমারই চট্টগ্রাম, শুধু পাথরের রঙটা আলাদা।
দুটো শহরই উপকূলের, দুটোরই পিঠে পাহাড়, কোলে নদী, সামনে অকূল জল। দুটোই হাজার বছর ধরে বাইরের দুনিয়ায় দেশের দরজার কাজ করে এসেছে। আন্তালিয়ায় লাইসিয়ান, গ্রিক, রোমান, বাইজেন্টাইন অর্থাৎ পূর্ব রোমান সাম্রাজ্য, তারপর সেলজুক আর উসমানীয়রা একের পর এক স্তর রেখে গেছে। চট্টগ্রামেও বৌদ্ধ, আরব, আরাকানি, মোগল, পর্তুগিজ আর ব্রিটিশেরা নিজের নিজের হাতের ছাপ রেখে গেছে। মরক্কোর পর্যটক ইবনে বতুতা চট্টগ্রামে এসেছিলেন চৌদ্দ শতকে, আর পর্তুগিজরা শহরটাকে ডাকত পোর্তো গ্রান্দে নামে, মানে বড় বন্দর।
এমন দুটো শহর, এত মিল, অথচ আজ একটি শহরে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বেড়াতে আসে, আর অন্যটি নিজের সম্ভাবনার নাগাল আজও পায়নি।
পার্থক্যটা ভূগোলে নয়, অন্য কোথাও, আর সেই জায়গাটা খুঁজতে গিয়েই এই লেখা দাঁড়িয়ে গেল।
ন্যায্য ভাগটা কারো মর্জির উপর ছিল না
খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে এই উপকূলের তেইশটি শহর মিলে জোট বেঁধেছিল, নাম লাইসিয়ান লীগ।
নিয়মটা শুনুন। বড় শহরের ভোট তিনটি, মাঝারির দুটি, ছোটর একটি। খরচের ভাগটাও ছিল ঠিক ভোটের মাপে, যে শহর যত ভোট পেত সে তত টাকা দিত। ছোট শহরকে কেউ দয়া করেনি, আবার বড় শহরের হাতেও সবটা ছেড়ে দেওয়া হয়নি। কে কী পাবে, সেটা কারো মর্জির উপর ছিল না, বাঁধা ছিল নিয়মে।
দুই হাজার বছর পর ফরাসি দার্শনিক মন্তেস্কিউ, ক্ষমতার ভারসাম্যের ধারণা যাঁর হাত ধরে এসেছে, এই জোটের প্রশংসা করেছিলেন। আর আমেরিকার সংবিধান যাঁরা লিখেছিলেন তাঁদের দুজন, জেমস ম্যাডিসন আর আলেকজান্ডার হ্যামিল্টন, নতুন সংবিধানের পক্ষে লেখা যে প্রবন্ধগুলো ফেডারালিস্ট পেপারস নামে পরিচিত, সেখানে এই লীগের কথা টেনেছিলেন। ছোট এক উপকূলের হিসাবের খাতা থেকে শেষে উঠে এসেছিল গোটা এক মহাদেশের সংবিধান।
বোর্ডে, সমিতিতে কিংবা কমিটিতে ছোট সদস্যের জন্যও চেয়ার রাখা হয়। চা আসে, তাঁর সামনেও কাপ আসে, নামটাও তালিকায় ওঠে।
কিন্তু ভোটটা?
পরামর্শ নেওয়া আর ভোট গোনা এক কথা নয়। ভদ্রতা দিয়ে শ্রদ্ধার মাপ হয় না, শ্রদ্ধার মাপ হলো ওজন, আর সেই ওজন ঠিক করে দেয় নিয়ম।
যিনি জানতেন, শেষটা তিনি দেখবেন না
আন্তালিয়া থেকে গাড়িতে ঘণ্টাখানেক পুবে গেলে অ্যাসপেন্ডোস নামে এক রোমান নগরীর ধ্বংসাবশেষ। সেখানকার থিয়েটারে পাথর কেটে বানানো সারি সারি আসন সারাদিন রোদে তেতে থাকে, সন্ধ্যায় হাত রাখলে উষ্ণ লাগে। থিয়েটারটি তৈরি প্রায় দুই হাজার বছর আগে, অথচ আজও সেখানে অপেরা বসে, ব্যালে হয়, আর মঞ্চের শব্দ সবচেয়ে উপরের সারিতে এত পরিষ্কার হয়ে পৌঁছায় যে নিজের কানকে বিশ্বাস করা কঠিন।
যিনি এই থিয়েটার বানিয়েছিলেন, স্থপতি জেনন, তিনি জানতেন এর শেষটা তাঁর চোখে পড়বে না। নিজের নামটা টিকবে কি না, সেটাও তাঁর হাতে ছিল না। তবু কোথাও তিনি কাজে এক আঁচড় ফাঁকি দেননি।
ফিতা কাটার দিনটার কথা ভেবেই তো সব বানানো হয়। ছবি উঠবে, পরদিন কাগজে ছাপা হবে, আর পঞ্চাশ বছর পরের কোনো এক বিকেলে অচেনা কেউ এসে যখন ওই জায়গাটায় দাঁড়াবে, তার কথা ভেবে আমরা ঠিক কতটা গড়ি বলতে পারেন?
সততা মানে কেবল হিসাব পরিষ্কার রাখা নয়, সততা মানে কাজটা ঠিকভাবে করা, লোকের চোখের আড়ালেও ঠিক ততটাই যতটা চোখের সামনে।
গভীর জলে জাল
গল্পটা শুনতে রূপকথার মতো, তবু শহরের নামটাই তার সাক্ষী।
খ্রিস্টপূর্ব দুই শতকে আনাতোলিয়ার সবচেয়ে ধনী রাজ্য পারগামনের রাজা দ্বিতীয় আত্তালুস নাকি তাঁর লোকদের পাঠিয়েছিলেন একটিমাত্র কথা বলে, আমার জন্য পৃথিবীর বুকে স্বর্গ খুঁজে আনো। তাঁরা অনেক দেশ ঘুরে ফিরে এসে এই জায়গাটা দেখিয়ে বলেছিলেন, এটাই। শহরের নাম হলো আত্তালেইয়া, আর মুখে মুখে ঘুরতে ঘুরতে সেটাই আজকের আন্তালিয়া।
খেয়াল করুন, তিনি কিন্তু সবচেয়ে ভালো বন্দর চাননি, সবচেয়ে উর্বর জমিও চাননি, তিনি চেয়েছিলেন স্বর্গ।
আমরা লক্ষ্য ঠিক করতে বসি রিয়ালিস্টিক শব্দটা পাশে নিয়ে, তাই লক্ষ্য দাঁড়ায় গত বছরের চেয়ে দশ শতাংশ বেশিতে, কিংবা প্রতিবেশীর কাছাকাছি কোথাও। পাটের বেলায় বলি রপ্তানিটা একটু বাড়ুক, আর চট্টগ্রামের কথা উঠলে চাই বন্দরের জটটা একটু কমুক।
অথচ প্রশ্নটা যদি অন্যরকম হতো, যদি জিজ্ঞেস করতাম প্রাকৃতিক আঁশের দুনিয়ায় সবচেয়ে ভরসার নাম হয়ে উঠতে আমাদের ঠিক কী কী লাগবে, তাহলে প্রশ্নের সঙ্গে সঙ্গে আমাদের দাঁড়ানোর জায়গাটাও পাল্টে যেত, আর সেখান থেকে উত্তরগুলো দেখাত একেবারে অন্যরকম।
ডোবায় জাল ফেলে বড় মাছ মেলে না, বড় মাছ চাইলে গভীর জলেই নামতে হয়।
বাইরে অন্ধকার, ভেতরে আগুন
সেলজুক আমলে, মানে এগারো শতকের পর আনাতোলিয়ায় তুর্কি শাসনের কালে, আজকের তুরস্কের এই মূল ভূখণ্ডের পথে পথে গড়ে উঠেছিল কারভানসরাই, প্রতি ত্রিশ কিলোমিটার পরপর একটি, অর্থাৎ উটের এক দিনের হাঁটা পথ পেরোলেই আরেকটি।
নামটা ফারসি। কারভান মানে বণিকের কাফেলা, আর সরাই মানে সরাইখানা।
এখানে একটু থামি, কারণ এই শব্দটা ধরে একটা সুতো সোজা চট্টগ্রাম পর্যন্ত চলে যায়। পারস্য উপসাগরের বন্দরগুলো থেকে জাহাজ ছাড়ত বঙ্গোপসাগরের দিকে, আর সেই জাহাজে উঠত কেবল পণ্য নয়, উঠত মানুষ, ভাষা আর বিশ্বাস। বাংলা ভাষায় আজ যে ফারসি শব্দগুলো আমরা একেবারে নিজের মনে করে বলি, দরজা, দোকান, কাগজ, চাকরি, বাগান, সরাই, সবই এসেছিল ওই পথ ধরে। চট্টগ্রামের দরগাহগুলোতে আজও ঘুমিয়ে আছেন এমন অনেকে, যাঁদের শিকড় ছিল বহু দূরের মাটিতে।
আমার নিজের পূর্বপুরুষেরাও এসেছিলেন সেই পারস্য থেকেই, ওই একই সমুদ্রপথে। তাই কারভানসরাই শব্দটার সামনে দাঁড়িয়ে আমাকে আলাদা করে কিছু মনে করতে হয়নি, শব্দটাই আমাকে চিনে ফেলেছিল।
সরাইগুলো দেখতে ছোটখাটো দুর্গের মতো। চারদিকে মোটা পাথরের উঁচু দেয়াল উঠেছে, আর ভারী একটিমাত্র ফটক, সন্ধ্যা নামলেই সেটা বন্ধ হয়ে যেত। ভেতরের উঠানে রাত কাটাত উট আর ঘোড়া, চারপাশের কামরায় বণিকেরা, আলাদা গুদামে তাঁদের পণ্য। বাইরে অন্ধকার, পাহাড়ি হাওয়া, ডাকাতের ভয়, আর ভেতরে আগুন জ্বলত, হাঁড়ি চড়ত।
যেকোনো বণিক, যেকোনো পথিক সেখানে তিন দিন পর্যন্ত বিনা পয়সায় থাকতে আর খেতে পারতেন। ছিল আস্তাবল, গোসলখানা, চিকিৎসক, রাঁধুনি, এমনকি বাদকও। টাকা দিতেন সুলতান কিংবা শহরের ধনী মানুষেরা, ওয়াক্ফ হিসেবে, অর্থাৎ জনকল্যাণে স্থায়ীভাবে দান করা সম্পত্তির আয় থেকে। এটা ব্যবসা ছিল না, ছিল দান, আর সেই দানই শেষ পর্যন্ত গোটা অঞ্চলের বাণিজ্যকে দাঁড় করিয়ে রেখেছিল। এর চেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার সেদিন আর কিছু ছিল না।
আমাদেরও এমন ব্যবস্থা ছিল, শুধু নামটা আলাদা। দরগাহ আর খানকাহে পথিক আর নিঃস্ব মানুষ অন্ন পেত, মাথা গোঁজার ঠাঁই পেত, আর কেউ জিজ্ঞেস করত না তিনি কোন দেশের। চট্টগ্রামে ব্যাপারটা আরও বড় মাপের ছিল। পালের জাহাজ চলত মৌসুমি বাতাসের ভরসায়, তাই আরব আর পারস্যের বণিকেরা বাতাস না ঘোরা পর্যন্ত মাসের পর মাস শহরে আটকে থাকতেন। তাঁদের থাকতে দিতে হতো, খাওয়াতে হতো, পণ্য গুদামে তুলতে হতো। আনাতোলিয়ায় সরাই গড়া হয়েছিল পাথর দিয়ে, আর চট্টগ্রামে গোটা শহরটাই ছিল একটা সরাই।
এটাকে আজ ডাকা হয় ইজ অব ডুয়িং বিজনেস নামে, ইনডেক্স বানানো হয়, র্যাঙ্কিং নিয়ে সেমিনার হয়। ওঁরা আটশ বছর আগে কথাটা পাথরে খোদাই করে রেখে গিয়েছিলেন, কারণ ওঁরা জানতেন, বণিকের মনে ভরসা না জন্মালে বাণিজ্য এক পা এগোয় না।
আর আমাদের দেশে? হাতে নিশ্চিত অর্ডার নিয়েও ছোট উদ্যোক্তা আজও ব্যাংক থেকে খালি হাতে ফেরেন। সেই কালে অচেনা পথিকের উপর যে ভরসা রাখা হতো, নিজের দেশের উদ্যোক্তার উপর আমরা আজও সে ভরসা রাখতে শিখিনি।
এন্টারপ্রাইজ কালচার বক্তৃতায় দাঁড়ায় না, ওটা গাঁথতে হয় ইট আর বিশ্বাস দিয়ে।
আলো বিলিয়ে তিনি নিজে রইলেন অন্ধকারে
ডেমরে জায়গাটাও এই আন্তালিয়া প্রদেশেই, একটা ছোট শহর, রোমান আমলে যার নাম ছিল মাইরা, আর সেখানকার গির্জার প্রধান অর্থাৎ বিশপ ছিলেন নিকোলাস।
শোনা যায়, যেসব পরিবারের মেয়ের বিয়ে দেওয়ার সামর্থ্য ছিল না, রাতের অন্ধকারে তিনি তাদের জানালা দিয়ে সোনা ফেলে আসতেন, আর সকালে উঠে তারা সোনা পেত বটে, ধন্যবাদ জানানোর কোনো পথ পেত না। তিনি ঠিক সেটাই চেয়েছিলেন।
শতাব্দীর পর শতাব্দী গড়িয়ে সেই মানুষটিই হয়ে উঠলেন সান্তা ক্লজ, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত দাতা, অথচ তাঁর গোটা ধরনটাই ছিল নিজেকে আড়ালে রাখার।
আজকাল দান করতে যাওয়ার আগে ফটোগ্রাফার ঠিক করা হয়। দেওয়াটা খারাপ নয়, ছবি তোলাটাও অপরাধ নয়। কিন্তু দান যদি করা হয় দেখানোর তাগিদে, তবে সেটা আর দান থাকে না, বিজ্ঞাপন হয়ে যায়।
প্রদীপের নিচে অন্ধকার থাকে, এই কথাটা আমরা সবাই জানি। নিকোলাস উল্টোটা করেছিলেন, আলোটা অন্যের ঘরে পাঠিয়ে তিনি নিজে দাঁড়িয়ে রইলেন অন্ধকারে।
ফেরার পথে
পাঁচটি আলাদা গল্প, পাঁচটি আলাদা মূল্যবোধ, অথচ সবই উঠে এসেছে একই উপকূল থেকে।
শ্রদ্ধা ছিল ভোটের হিসাবে, সততা ধরা ছিল পাথরের গাঁথুনিতে। উচ্চাশা বেঁচে ছিল এক রাজার একটিমাত্র বাক্যে। উদ্যোগ বলতে বোঝাত পথের পাশে সারারাত জ্বলা উনুন, যার পাশে অচেনা বণিক নিশ্চিন্তে ঘুমাতে পারতেন। আর অন্যের পাশে দাঁড়ানোটা লুকিয়ে ছিল রাতের অন্ধকারে, কারো জানালার নিচে। একটিও দেয়ালে টাঙানো ছিল না।
শুরুতে যে মিলটার কথা বলেছিলাম, সেটা আজও অক্ষত। যা আলাদা, সেটা গড়ন নয়, সেটা সিস্টেম। এক শহর তার হাতে যা ছিল সেটাকে নিয়মে বেঁধেছে, কাঠামোয় তুলেছে, পাথরে গেঁথে রেখেছে। আরেক শহর তার যা আছে তা নিয়ে এখনো গর্বের বক্তৃতা দেয়।
আমি এসেছিলাম জলবায়ু সম্মেলনে পাট নিয়ে কথা বলতে, ফিরছি অস্বস্তি নিয়ে। আমাদের অফিসের দেয়ালে কাচের ওপাশে ঝকঝকে অক্ষরে যে মূল্যবোধগুলো বাঁধানো আছে, তার কোনটা সত্যিই আমাদের সিস্টেমে গেঁথে বসেছে, আর কোনটা এখনো কেবল দেয়ালেই ঝুলছে?
প্রশ্নটা পাটের ক্ষেত্রে যতটা সত্যি, চট্টগ্রামের ক্ষেত্রেও ঠিক ততটাই। আমরা বলি সোনালি আঁশ আমাদের গর্ব। গর্বটা যে দেয়ালে আছে, তা নিয়ে কারো সন্দেহ নেই। সিস্টেমে কতটা আছে, সেই হিসাবটা আমাদের নিজেদেরই মেলাতে হবে।
আন্তালিয়ার সন্ধ্যাগুলো সত্যিই খুব ধীরে নামে। আমাদের হাতে অত সময় নেই।
লেখক: পাট রপ্তানিকারক ও উদ্যোক্তা। কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণকারী



