ইরান যুদ্ধে কে কার ঘর পোড়ায়

যুদ্ধ ইরানে প্রভূত ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। প্রথম রাতেই ইরান হারিয়েছে তাদের শীর্ষ নেতা। আমেরিকান প্রেসিডেন্ট হুংকার দিয়ে বলেছিলেন, পারস্য সভ্যতা ধ্বংস করে দেবেন। কিন্তু অবিচল ইরানি প্রতিরোধ প্রমাণ করেছে, আমেরিকার সামরিক মাহাত্ম্য ট্রাম্পের কথার মতোই ফাঁকা, ফাঁপা, অন্তঃসারশূন্য।
২০২৪-এর নির্বাচনে বহু আমেরিকান ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন একটি কারণে, তিনি ক্যাম্পেইনের সময় বলেছিলেন, আমেরিকা ফার্স্ট— অর্থাৎ আমেরিকা আর অন্যের জন্য যুদ্ধ করবে না এবং আমেরিকানদের স্বার্থকে তিনি সবার আগে স্থান দেবেন, আমেরিকাকে তিনি আবার মহান একটি দেশে রূপান্তরিত করবেন। দুই বছরে আমেরিকান জনগণ বুঝেছেন ট্রাম্প আসলে তাদের ধোঁকা দিয়েছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্প ইউক্রেনকে চাপ দিয়েছেন যেন রাশিয়ার শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতিতে যায়। গাজায় ইসরায়েলি আক্রমণ বন্ধের নামে যে চুক্তি করেছেন, তাতে গাজায় নব্য উপনিবেশ স্থাপনের ব্যবস্থা করেছেন। আর এরপর ইসরায়েলের সঙ্গে মিলে বিনা উসকানিতে কাপুরুষের মতো ইরানে অতর্কিত সামরিক আগ্রাসন চালিয়েছেন। ইরানি প্রতিরোধের মুখে উপায়ান্তর না দেখে অন্য দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গেছেন। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য সমঝোতা আলোচনায় অগ্রগতি না হওয়ায় ইরান হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এতে বিশ্বব্যাপী জ্বালানি তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যায়। বিকল্প হিসেবে ট্রাম্প রাশিয়ার ওপর থেকে তেল বিক্রির নিষেধাজ্ঞা সরিয়ে নিতে বাধ্য হন। কিন্তু তার আগেই আমেরিকার জনগণ জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি টের পান।
মধ্যপ্রাচ্য অশান্ত হওয়ায় একদিকে যেমন জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হয়, অন্যদিকে তেমন সমুদ্রগামী জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে গড়ে প্রায় ৬ ভাগ আর জ্বালানির দাম বাড়ে ৭৪ ভাগ পর্যন্ত।
আমেরিকার জনগণ বুঝতে পারেন আমেরিকার স্বার্থে নয়, ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে জড়িয়েছেন ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উসকানিতে। যে যুদ্ধে আমেরিকার সরাসরি স্বার্থ নেই, যেখানে ইরান সরাসরি আমেরিকাকে আক্রমণ করেনি, সেখানে যুদ্ধে জড়িয়ে আমেরিকাকে হেয় করা হয়েছে। আমেরিকার ট্র্যাডিশনাল পশ্চিমা মিত্ররাও সেই যুদ্ধে আমেরিকাকে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে। যুদ্ধে সামরিকভাবে সুবিধা করতে না পারায় আমেরিকার সামরিক কৌশলকেও হেয় হতে হয়েছে। মাঝখান থেকে যুদ্ধের বিপরীতে মাশুল দিতে হচ্ছে আমেরিকার জনগণকে।
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান যুদ্ধ রিপাবলিকানদের পরাজয় নিয়ে এসেছে। ভোটাররা যে চারটি জিনিস চায় বলে তিনি বলেছেন, তার মধ্যে একটি হলো যুদ্ধ বন্ধ করা এবং দ্বিতীয়টি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পরিবর্তন করা। ডোনাল্ড ট্রাম্পও ইরান যুদ্ধকে পরাজয়ের কারণ বলে উল্লেখ করেছেন।
ইরানের ক্ষমতা কাঠামো পরিবর্তনের ওই আহ্বান এখন ট্রাম্পের কাছে বুমেরাং হয়ে ফিরে গেছে। সেই সঙ্গে ডুবিয়েছে নেতানিয়াহুকে। ইরান যুদ্ধ বা ইসরায়েলি গোয়েন্দা তথ্য— কোনোটিই ইরানের ইউরেনিয়াম মজুদের কোনো হদিস বের করতে পারেনি
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের এক সপ্তাহ আগে ইসরায়েলি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে ট্রাম্প ইসরায়েলি ভোটারদের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহুকে ভোট দিতে। উল্লেখ্য, এবার ইসরায়েলের ভোটাররাও ট্রাম্পের কথা শোনেননি। নেতানিয়াহু সখ্যাগরিষ্ঠতা হারালে ট্রাম্প নিজেও পরাজয়ের গন্ধ পেতে থাকেন। সেজন্য তড়িঘড়ি করে মধ্যবর্তী নির্বাচনের আগের দিন তিনি ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেন; কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প এরই মধ্যে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।
২০২৫ সালের জুন মাসেই ট্রাম্প ইরানে রেজিম চেঞ্জ বা ক্ষমতা কাঠামো পরিবর্তনের উপদেশ দিয়েছিলেন। ২০২৬-এর ১৪ জানুয়ারিতেও একই কথা বলেছিলেন। ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযানের সময় ট্রাম্প টুইট করে ইরানি জনগণকে বলেছিলেন, আমরা যখন অভিযান শেষ করব, তোমরা সরকার দখল করবে।
ইরানের ক্ষমতা কাঠামো পরিবর্তনের ওই আহ্বান এখন ট্রাম্পের কাছে বুমেরাং হয়ে ফিরে গেছে। সেই সঙ্গে ডুবিয়েছে নেতানিয়াহুকে। ইরান যুদ্ধ বা ইসরায়েলি গোয়েন্দা তথ্য— কোনোটিই ইরানের ইউরেনিয়াম মজুদের কোনো হদিস বের করতে পারেনি।
কংগ্রেসের দুই হাউজেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ট্রাম্প এখন কী করবেন? ট্রাম্পের কাছে বিকল্প কী? মধ্যবর্তী নির্বাচনের আগে এমন হম্বিতম্বি দেখিয়েছিলেন যেন নির্বাচন শেষ হওয়ামাত্র ইরানকে ধ্বংস করে দেবেন। কাতারের মাধ্যমে ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পাঠিয়েছিল। ট্রাম্প সেসব শর্ত আমলে নেননি। এখন তাহলে তিনি কী ভাবছেন? ইরানে আবার অতর্কিত সার্জিক্যাল স্ট্রাইক, ব্যাপক সামরিক অভিযান, নাকি ক্রমাগত চাপ ও সমঝোতার মাধ্যমে সুবিধাজনক চুক্তিতে উপনীত হওয়া? নতুন কংগ্রেস কার্যকর হবে ৩ জানুয়ারি থেকে। ট্রাম্পের হাতে এখনো যথেষ্ট সময় আছে।
যুদ্ধের কারণে বিশেষ করে, জ্বালানি চাপ অব্যাহত থাকায় আমেরিকার অর্থনীতি যে ধাক্কা খেয়েছে, ইরান তার রাজনৈতিক মূল্য দেখে সন্তুষ্ট। ফলে সমঝোতা আলোচনায় ইরান যে অনমনীয় থাকবে, তা স্বাভাবিক। ইরান ভালোমতোই বোঝে, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রতিকূল হলেও ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকান, এমনকি ডেমোক্র্যাটরাও যেকোনো সময় আবার যুদ্ধংদেহী হতে পারে। সুতরাং প্রতিরোধ যুদ্ধের জন্য ইরান নিজেদের প্রস্তুতি বহাল রাখছে। যে যুদ্ধ ট্রাম্প প্রশাসন দ্রুত শেষ করতে চায়, ইরান সে যুদ্ধ প্রলম্বিত করতে তৈরি।
মধ্যবর্তী নির্বাচন অবশ্যই আমেরিকার প্রশাসনের মনোবল দুর্বল করে দিয়েছে। তারপরও যদি ট্রাম্প প্রশাসন ভোটারদের রায় আমলে না নেয়, যদি আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়ায়, তবে দেশটিতে জনঅসন্তোষ বাড়তে পারে। ট্রাম্পের এখন আয়নায় নিজের চেহারা দেখা উচিত। ট্রাম্প সে পথে না হাঁটলে অন্তত জেডি ভ্যান্সের উচিত ট্রাম্পকে আয়নার মুখোমুখি দাঁড় করানো। কেননা, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রার্থী না হলেও জেডি ভ্যান্সের মতো নেতাদেরই রিপাবলিকান দলকে নেতৃত্ব দিতে হবে। জনগণের মুখোমুখি হতে হবে। সেজন্য অদূর ভবিষ্যতে রিপাবলিকানদের কেউ কেউ ট্রাম্পের প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে ক্ষমতা থেকে সরাতে চাইলে অবাক হওয়ার কিছু থাকবে না। সিনেটে শুধু ১০ জন রিপাবলিকান সিনেটর বেঁকে বসলে ডোনাল্ড ট্রাম্পকে কার্যকরভাবে ইমপিচ অর্থাৎ ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে। ট্রাম্প হয়তো তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বলির পাঁঠা বানাতে পারেন।
অন্যদিকে, নির্বাচনী ক্যাম্পেইনে নেতানিয়াহুর আহ্বান ছিল তিনটি। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য ইরানি আগ্রাসন থেকে ইসরায়েলকে রক্ষা এবং আরব-ফিলিস্তিনিদের ইসরায়েলের রাজনীতিতে জায়গা না দেওয়া। ভোটাররা রায় দিয়েছেন ঠিক উল্টো।
এতে একটি বিষয় স্পষ্ট, আরব-ফিলিস্তিনিরা এখন ইসরায়েলের আমলে নেওয়া শক্তি। গাদি আইজেনকোট আরব-ফিলিস্তিনি দলগুলোর সহায়তায় ইসরায়েলে সরকার গঠন করতে যাচ্ছেন। সেক্ষেত্রে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং গোয়েন্দা ব্যর্থতার অভিযোগে বিচার শুরু হতে পারে।
‘এমএলএ ফাটাকেষ্ট’ সিনেমায় মিঠুন চক্রবর্তীর সংলাপ ছিল, ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে।’ আশা করি আমেরিকা ও ইসরায়েলে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ রয়েছে। আমেরিকা যদি আবার গ্রেট হতে চায়, তবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়ে মিলে যুদ্ধ থেকে হাত গুটিয়ে নিজেদের মানবকল্যাণে নিয়োজিত করতে হবে। না হলে ইরানে ছোড়া প্রতিটি মিসাইল প্রকারান্তরে তাদের ঘরই পোড়াবে। আমেরিকা হয়ে উঠবে ফাটাকেষ্টের শ্মশান। আমেরিকার তখন আর গ্রেট হওয়া হবে না, ক্ষয়ে যাওয়া জমিদারির স্মৃতিতর্পণ করে কাটাতে হবে।
লেখক: সাবেক কূটনীতিক, বিশ্লেষক




