ফ্রান্সে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত পর্বে লড়ছেন আলী চৌধুরী

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য বিশ্বের মর্যাদাপূর্ণ প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬ এর চূড়ান্ত পর্বে লড়াই করতে যাচ্ছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসী ও শেফ মোহাম্মদ আলী চৌধুরী।
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত শীর্ষ শেফদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
প্রতিযোগিতার দ্বিতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্যারিসের কনকর্ড এলাকায় আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি উৎসবের অংশ হিসেবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, পাঁচ মহাদেশের প্রতিযোগীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে জায়গা পেয়েছেন ১৮ জন শেফ।
প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশের মোহাম্মদ আলী চৌধুরীর লড়াই অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ওই সময় তিনি বাংলাদেশের পতাকা হাতে আন্তর্জাতিক বিচারকদের সামনে নিজের রান্নার দক্ষতা, সৃজনশীলতা ও উপস্থাপন তুলে ধরবেন।
চূড়ান্ত পর্যায়ের ১৮ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশ একমাত্র দক্ষিণ এশীয় প্রতিনিধি। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছেন ফ্রান্স, ক্যামেরুন, মেক্সিকো, বুলগেরিয়া, টোগো, জার্মানি, ব্রাজিল ও বেলজিয়ামের প্রতিনিধিরা।
প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ শুধু রান্নার প্রতিযোগিতা নয়, বরং ব্যক্তিগত শেফ পেশার আন্তর্জাতিক স্বীকৃতি ও বিকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
অন্য প্রতিযোগিতার মতো একজন প্রাইভেট শেফের শুধু খাবার প্রস্তুত করলেই হয় না। তাঁকে খাবারের পরিকল্পনা, উপকরণ নির্বাচন, পরিবেশন, অতিথি আপ্যায়ন এবং সম্পূর্ণ খাবারের অভিজ্ঞতা তৈরির দায়িত্বও পালন করতে হয়।
এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্রাইভেট শেফরা নিজেদের দক্ষতা, সংস্কৃতি ও রান্নার ঐতিহ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পান।
২০২৬ সালের আসরের জন্য আয়োজকদের কাছে ২৪০টি আবেদন জমা পড়ে। সেখান থেকে নির্বাচিত হয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন আলী চৌধুরী।
বিশ্বের অভিজ্ঞ ও দক্ষ প্রাইভেট শেফদের সঙ্গে একই মঞ্চে প্রতিযোগিতার সুযোগ পাওয়া বাংলাদেশের রন্ধনশিল্পের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।
ফ্রান্সে দীর্ঘদিনের রন্ধনশিল্পের অভিজ্ঞতা নিয়ে কাজ করা আলী চৌধুরী এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন।
প্রতিযোগিতার বিচার কার্যক্রম পরিচালনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ ও খাদ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিচারক বোর্ড। তাঁদের মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রীর শেফ রোমাঁ বেসেরোঁ, আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি ভিলেজের প্রতিষ্ঠাতা অ্যান লর দেসকম্বিনসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ খাদ্য বিশেষজ্ঞরা।
১১ সেপ্টেম্বরের লড়াইয়ে আলী চৌধুরী শুধু একজন প্রতিযোগী হিসেবে নয়, বাংলাদেশের রন্ধনশিল্পের একজন প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।
প্যারিসের আন্তর্জাতিক রান্না প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের পতাকা নিয়ে আলী চৌধুরীর এই অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি করেছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
এখন সবার দৃষ্টি ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে। তখন প্যারিসে শুরু হবে বাংলাদেশের প্রতিনিধির গুরুত্বপূর্ণ লড়াই।
প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের এই মঞ্চে আলী চৌধুরীর অংশগ্রহণ বাংলাদেশের রন্ধনশিল্পকে বিশ্ব দরবারে নতুন পরিচিতি এনে দিতে পারে।





