নিউ ইয়র্কে রাজু হত্যায় সন্দেহভাজন খুনি আকোস্টা গ্রেপ্তার

ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে নিহত নোয়াখালীর মো. রাজু। ছবি: সংগৃহীত
প্রবাসী বাংলাদেশি ইউসুফ রাজু হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি যিশু আকোস্টাকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ।
গতকাল শনিবার সকালে রাজুর মরদেহ বাংলাদেশে পাঠানোর সময়ই তাকে গ্রেপ্তার করা হয়। কয়েক দিন ধরে অভিযান চালানোর পর তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ।
আকোস্টাকে ধরিয়ে দিতে তথ্যের জন্য ২৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এর ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হলো। এ ছাড়া বোদেগা মালিকদের একটি সংগঠনও আকোস্টার সন্ধান দিতে সহায়ক তথ্যের জন্য ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
নিউ ইয়র্কে রাজু এবং টেনেসিতে বাংলাদেশি শাহেদ রানা মহসিন হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছিল। গত বৃহস্পতিবার ব্রুকলিনে রাজুর জানাজায় হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন উপস্থিত অনেকে।
গত ২৩ আগস্ট ভোররাতে ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকায় নিজের কর্মস্থল একটি খাবারের দোকানে আকোস্টার গুলিতে রাজু নিহত হন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাজুর বন্ধু ও সহকর্মী বাংলাদেশি মোহাম্মদ রাসেলও গুলিবিদ্ধ হন।
পুলিশের অভিযোগ, রাজু হত্যার দুদিন পর মঙ্গলবার মধ্যরাতের কিছুক্ষণ পর ব্রঙ্কসের মেলরোজ এলাকায় ১৪৯ গ্রিল নামে একটি দোকানে প্রবেশ করেন আকোস্টা। সেখানে গুলিতে ৩৩ বছর বয়সী টেইভন শুলার আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশের তথ্য অনুযায়ী, আকোস্টার বিরুদ্ধে আগে ১৩টি গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। ১৪ বছর বয়সে সশস্ত্র ডাকাতির অভিযোগে প্রথমবার গ্রেপ্তার হন তিনি। নিউ ইয়র্কের একটি পাতাল রেল স্টেশনে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় তিনি ১০ বছর কারাগারে ছিলেন। গত এপ্রিল মাসে শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি পান আকোস্টা।








