প্রবাসীদের জন্য বিশেষ পাসপোর্ট সেবার ঘোষণা প্যারিসে বাংলাদেশ দূতাবাসের

কনস্যুলার সেবাবিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট সেবা সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ফরাসি প্রেফেকচুরে অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্ত আবেদনকারীদের দ্রুত পাসপোর্ট সরবরাহের লক্ষ্যে আগামী ২৫ জুলাই, ৮ আগস্ট ও ২২ আগস্ট শনিবার বিশেষ কনস্যুলার সেবা প্রদান করা হবে। এ তিন দিন বিনা অ্যাপয়েন্টমেন্টে সারাদিন পাসপোর্ট-সংক্রান্ত সেবা দেওয়া হবে।
বৃহস্পতিবার দূতাবাসে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে কনস্যুলার সেবাবিষয়ক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।
সভায় রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে দূতাবাস ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি বলেছেন, চলতি বছরের ৩ জুন চালু হওয়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা সেবাকে আরও স্বচ্ছ ও সহজ করবে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি।
এ ছাড়া ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নতুন স্লট প্রকাশ করা হবে। প্রতিদিনের মোট স্লটের অর্ধেক অনলাইন আবেদনকারীদের জন্য এবং বাকি অর্ধেক ১৫ মের আগে ই-মেইলে আবেদনকারীদের জন্য সংরক্ষিত থাকবে।
মতবিনিময় সভায় প্রবাসীরা কনস্যুলার সেবার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন। দূতাবাসের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা আশা প্রকাশ করেন, এতে পাসপোর্টসহ বিভিন্ন কনস্যুলার সেবা পেতে প্রবাসীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।




