সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায় পাকিস্তান সফরে বাংলাদেশি প্রতিনিধিদল

সংগৃহীত ছবি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চার দিনের সফরে গেছে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায় পাকিস্তান সরকারের আমন্ত্রণে দলটি সেখানে গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ইসলামাবাদে পৌঁছায় বাংলাদেশি সাংস্কৃতিক দলটি। পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেট লাউঞ্জে তাদের অভ্যর্থনা জানান পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) মহাপরিচালক মোহাম্মদ আইয়ুব জামালি, ন্যাশনাল হেরিটেজ ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে দলটিকে স্বাগত জানান উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু।
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) তৈয়ব আলী জানিয়েছেন, বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমানের নেতৃত্বে সফরকারী দলে রয়েছেন দেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও মিউজিশিয়ানরা।



