জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাপান বিএনপির আলোচনা সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাপান বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার টোকিওর একটি হোটেলে আয়োজিত এ সভায় দলের নেতারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দলীয় ঐক্য, শৃঙ্খলা ও গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা বলেন, ‘ইতিহাসে ৭ নভেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক ঐক্য দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা করেছিল। দিনটি উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আত্মত্যাগকারী সিপাহি ও সর্বস্তরের মানুষকে।’
সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রবাসে বসবাস করলেও দেশের প্রতি দায়িত্ব পালনে দলীয় শৃঙ্খলা, ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভাকে কেন্দ্র করে প্রকাশিত চাঁদাবাজির অভিযোগও প্রত্যাখ্যান করেন দলের নেতারা। তাঁদের দাবি, বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলের সমমনা ব্যবসায়ীদের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। কারও কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় বা চাঁদাবাজির ঘটনা ঘটেনি।
জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সুযোগ তৈরি করাই ছিল ওই আয়োজনের মূল উদ্দেশ্য। এতে দলের নেতাকর্মীদের পাশাপাশি সমমনা ব্যবসায়ীরাও সহযোগিতা করেছেন। চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি উল্লেখ করেন।
সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, জাপান বিএনপির প্রধান পৃষ্ঠপোষক মো. শহীদুল ইসলাম নান্নু,
১ নম্বর সহসভাপতি ড. মাসুম জাকির দলের ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান ।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন জাপান বিএনপির সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন মিঠু, সম্মানিত সদস্য কাজী এনামুল হক, উপদেষ্টা মোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আশিক সাইফুল্লাহ জায়েদ এবং যুগ্ম সম্পাদক কাজী সাদেকুল হায়দার বাবলুসহ নির্বাহী কমিটির নেতারা।
সভায় বক্তারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানান।



