জেদ্দায় বহুতল ভবনে আগুন, দুই প্রবাসী বাংলাদেশি নিহত

নিহত মহিউল ইসলাম পলাশ এবং ওবায়দুল ইসলাম। ছবি: সংগৃহীত
সৌদি আরবের জেদ্দায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলাম।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর জেদ্দার তামানিন এলাকার তামান ইন আখের এলাকায় ঘটে এ অগ্নিকাণ্ড।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর ওই এলাকার একটি বহুতল ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে থাকা পলাশ ও ওবায়দুল আটকা পড়েন। খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভবনের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মহিউল ইসলাম পলাশ উত্তর শিমুলিয়া গ্রামের নাজিম উদ্দিন ওরফে কুদ্দুস মোল্লার ছেলে। ওবায়দুল ইসলাম একই গ্রামের হারুন ব্যাপারীর ছেলে। জীবিকার তাগিদে কয়েক বছর আগে তারা সৌদি আরবে পাড়ি জমান। দুই প্রবাসীর মরদেহ জেদ্দার একটি স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তাদের পরিবার।
দুই প্রবাসীর মৃত্যুর খবর দেশে তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে উত্তর শিমুলিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
নিহত পলাশের ছোট ভাই হাসান জানান, তাদের বাবা প্রায় এক বছর আগে মারা গেছেন। পলাশের নয় বছরের একটি মেয়ে ও মাত্র তিন মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
শোকাহত পরিবারের সদস্যরা দ্রুত দুই প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।




