দিল্লীর বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনাকে আত্মসর্মপনের আহ্বান জহির উদ্দিন স্বপনের

ছবি: আগামীর সময়
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জহির উদ্দীন স্বপন বলেছেন, তাকে বাংলাদেশে আসতে হলে যেকোনো একটি পথ বেছে নিতে হবে। ভারত সরকার বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে পারেন। অথবা শেখ হাসিনা দিল্লীর বাংলাদেশ হাইকমিশনে গিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আত্মসর্মপন করতে পারেন। তখন হাইকমিশন আন্তর্জাতিক নিয়মানুসারে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে। এর বাইরে তার ফেরার কোনো পথ দেখছি না।
তিনি বলেন, পাসপোর্টের আবেদন ও কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশে আগমনের প্রচারণা তার কর্মীদের মনোবল জিইয়ে রাখার অপপ্রয়াস মাত্র। আর সরকার তার পাসপোর্ট বাতিল করেছে যাতে সে কোথাও পালিয়ে না যেতে পারে। তার যদি দেশে ফেরার ইচ্ছাই থাকে; তবে হাইকমিশনে গিয়ে আত্মসর্মপন করলেই হয়। পাসপোর্ট নাটকের প্রয়োজন হয় না।
নিউ ইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় এ কথা বলেছেন জহির উদ্দীন স্বপন। ১৩ নভেম্বর রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে ভিপি জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি ব্যারিস্টার নওশাদ জমির।
সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, কামাল পাশা বাবুলম, বিএনপি নেতা জসিম ভূইয়া, গোলাম ফারুক শাহিন, আব্দুস সবুর, কাজী আজম, সাইদুর রহমান সাঈদ, আমিনুল ইসলাম চৌধুরী ও আব্দুল বাতেন।
এর আগে ১৩ নভেম্বর বিকালে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে ১৩ নভেম্বর কনস্যুলেটে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে জহির উদ্দিন স্বপন বক্তব্য রাখেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হতে চাননি। ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানই তাকে সেখানে নিয়ে গিয়েছে। যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদ প্রস্ফুটিত হয়েছে, ঠিক তেমনি দেশপ্রেমিক একজন নাগরিক রাজনীতিক ও রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন। তিনিই বাংলাদেশি জাতীয়তাবাদ ও রাজনীতির দর্শন ও কেন্দ্রবিন্দু ছিলেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা।
জহির উদ্দিন স্বপন বলেন, ৭ নভেম্বর সেসময়ে নানা বিরোধ ও সংকটের সমাধান দিয়েছে। জাতির আত্মপরিচয়ের সংকটেরও সমাধান দিয়েছে এ দিনটি।
প্রেস মিনিস্টার গোলাম মতুর্জা বলেন, ৩ নভেম্বর শহীদ জিয়াউর রহমান আটক ছিলেন। রাষ্ট্রযন্ত্র দখল করেছিল খালেদ মোশাররফ ও মোশতাক আহমেদ। মোশতাকের নির্দেশেই জেলার জেলখানার ফটক খুলে দিয়েছিল। তখন খুনিরা প্রবেশ করে ৩ নভেম্বর হত্যাকাণ্ড চালায়। এর পরপরই খুনিদের বিমানে করে থাইল্যান্ডে পাঠানো হয়েছিল। কোনোভাবেই জিয়াউর রহমান এর সঙ্গে জড়িত ছিলেন না। অথচ পতিত ফ্যাসিস্ট সরকার ২২ বছর জেলখানা হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চালিয়েছে।




