প্রধানমন্ত্রীসহ ২২ ব্যক্তির নামে ভুয়া ফেসবুক পেজ

এসআরবি লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী
প্রধানমন্ত্রী, তার পরিবার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও আলোচিত ২২ ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক পেজ। অথচ পেজগুলো তাদের নয়। পরিচিত রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের নামে খোলা এসব ভুয়া পেজ থেকে ছড়ানো হচ্ছিল গুজব, ভুল তথ্য ও উসকানিমূলক পোস্ট। এসব পেজ ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছিল বলে অভিযোগ।
এ ঘটনায় সেলিম খান (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তার কাছ থেকে দুটি সিমকার্ডসহ একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
আজ রবিবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করেন এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। এ সময় তিনি বাহিনীর সাম্প্রতিক অভিযানগুলোর বিস্তারিত তুলে ধরেন।
ইন্তেখাব চৌধুরী বলেন, আমাদের ধারণা, এ ধরনের ভুয়া পেজ পরিচালনা ও অপপ্রচারের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারেন। তাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি চলছে। এসআরবি-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি দল ১৪ নভেম্বর রাত ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। টাঙ্গাইল সদর থানার বিশ্বাস বেতকা সার্কিট হাউসসংলগ্ন বাজার এলাকায় আইয়ুব খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন সেলিম। পরবর্তী সময়ে তাকে টাঙ্গাইল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে নিজের স্মার্টফোন ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন সেলিম। তার বিরুদ্ধে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের নাম-ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খোলার অভিযোগ রয়েছে। এসব পেজ থেকে বিভ্রান্তিকর, মানহানিকর ও উসকানিমূলক পোস্ট দেওয়া হতো।
অভিযানের সময় সাক্ষীদের সামনে তার কাছ থেকে একটি সিলভার রঙের স্মার্টফোন জব্দ করা হয়। ফোনটিতে দুটি সিমকার্ড ছিল। এসআরবির ভাষ্য, এই ফোন ব্যবহার করেই ভুয়া পেজ পরিচালনা ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালানো হতো।
যে নামে চলছিল ভুয়া পেজ
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জব্দ করা আলামত পর্যালোচনার বরাতে এসআরবি জানায়, সেলিমের পরিচালিত ভুয়া পেজগুলোর মধ্যে ছিল ‘Tarique Rahman Fans’, ‘Zaima Rahman’ এবং ‘Journalist Elias Hossain Fans’। দেশের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকের নাম-ছবি ব্যবহার করে এসব পেজ চালানো হচ্ছিল।
এসআরবির অভিযোগ, এসব পেজে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানো হতো। পাশাপাশি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মতো পোস্টও প্রচার করা হতো। ফলে এসব পেজের মাধ্যমে কারা তথ্য ছড়াত, কী উদ্দেশ্যে ছড়াত এবং এর পেছনে আর কারা রয়েছে তা খতিয়ে দেখছে বাহিনীটি।




