মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী বিশেষ কনস্যুলার ক্যাম্প

সংগৃহীত ছবি
মিশরের শিল্পনগরী আল-আশার মিন রামাদান ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি কমাতে দুই দিনব্যাপী বিশেষ কনস্যুলার ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস। আগামী ২৭ ও ২৮ নভেম্বর এ ক্যাম্পে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ, ট্রাভেল পারমিট ইস্যু, বিভিন্ন নথি সত্যায়নসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়া হবে।
মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে জানান, আগামী শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) আল-আশার মিন রামাদান এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। দূতাবাসের সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দ্রুত ও সহজে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আল-আশার মিন রামাদানের পুরাতন হাউজ প্লাজা-৬০-এ অবস্থিত তুর্কি কোম্পানিতে ক্যাম্পের স্থান নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেবা দেওয়া হবে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।
ক্যাম্পে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ, ট্রাভেল পারমিট ইস্যু, দূতাবাসের বিভিন্ন চিঠি প্রদান এবং প্রয়োজনীয় নথি সত্যায়ন করা হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্যাম্পে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।
ক্যাম্পসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ০১৫৫ ৮৮৩ ০০৮৫ নম্বরে যোগাযোগ করা যাবে।




