১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র

সংগৃহীত ছবি
ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে নতুন দুটি ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে কেন্দ্র দুটির কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যের নাগরিকরা বাংলাদেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে এসব রাজ্যে দীর্ঘমেয়াদে বসবাসরত বিদেশি নাগরিকদেরও আবেদনের সুযোগ থাকবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের বাসিন্দাদের জন্য বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে নতুন কেন্দ্র দুটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ভিসা আবেদনসংক্রান্ত পরিষেবা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেসকে (এসজিজিএস)। প্রতিষ্ঠানটিকে সেবাদানকারী সংস্থা হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।
নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত পাঁচটি রাজ্যের ভারতীয় নাগরিকরা কলকাতা ও শিলিগুড়ির যেকোনো একটি কেন্দ্র থেকে বাংলাদেশের ভিসার আবেদন জমা দিতে পারবেন। একই সুযোগ পাবেন এসব রাজ্যে দীর্ঘমেয়াদে বসবাসরত বিদেশি নাগরিকরাও।
সংশ্লিষ্ট পাঁচটি রাজ্যের ভিসাপ্রত্যাশীদের নতুন কেন্দ্র দুটির মাধ্যমে আবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন।
এর আগে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদনসংক্রান্ত পরিষেবা পরিচালনার দায়িত্বে ছিল ‘ডিইউ ডিজিটাল’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। কলকাতার সল্টলেক ও শিলিগুড়িতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আবেদনকারীদের কাছ থেকে ভিসার আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হতো। পরে সেগুলো পাঠানো হতো কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে। সেখানে ভিসা প্রক্রিয়াকরণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করতেন আবেদনকারীরা।
তবে ৩০ নভেম্বর ডিইউ ডিজিটালের সঙ্গে সংশ্লিষ্ট পরিষেবার মেয়াদ শেষ হচ্ছে। পরদিন ১ ডিসেম্বর থেকে নতুন প্রতিষ্ঠান এসজিজিএসের মাধ্যমে ভিসা আবেদনসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।
সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন সেবাদানকারী প্রতিষ্ঠান নিয়োগের ফলে ভারতের পাঁচটি রাজ্যের বাসিন্দাদের জন্য বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হবে।




