প্যারিসে বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা, যাত্রা শুরু ‘ফ্রেঞ্চ একাডেমি’র

‘ফ্রেঞ্চ একাডেমি’ ড্রাইভিং শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের ফ্রান্সের ড্রাইভিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করে তুলতে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব দিবে।
ফ্রান্সে বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, আরমেনিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী বাস করেন। ফ্রান্সের নাগরিক সুবিধা ভোগ করলেও অনেক ক্ষেত্রেই ফ্রেঞ্চ কমিউনিটির সাথে তাদের তেমন কোনো সখ্যতা গড়ে ওঠে না। ফলে একটা নতুন দেশে অনেক সাধারণ বিষয় জানতে বুঝতেও বহুদিন লেগে যায়। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের ড্রাইভিং প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট সেবা সহজ করার লক্ষ্য নিয়ে প্যারিসে যাত্রা শুরু করেছে নতুন অটো মটো ইকোল ‘ফ্রেঞ্চ একাডেমি’। বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক, সমাজকর্মী ও সংগঠক মোহাম্মাদ ফয়সাল আহমেদের উদ্যোগ ও মালিকানায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে মঙ্গলবার ১ সেপ্টেম্বর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্যারিসে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও উপস্থিত থেকে নতুন এই উদ্যোগকে স্বাগত জানান।
ফ্রান্সে ব্যক্তিগত ও পেশাগত জীবনে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। কর্মস্থলে যাতায়াত, ব্যবসা বাণিজ্য, পেশাগত দায়িত্ব পালন কিংবা পারিবারিক প্রয়োজন, সব ক্ষেত্রেই গাড়ি চালানোর দক্ষতা অনেকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে অভিবাসীদের জন্য ড্রাইভিং লাইসেন্স শুধু যাতায়াতের সুবিধা নয়, বরং কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করতে পারে।
এই বাস্তবতাকে সামনে রেখে ‘ফ্রেঞ্চ একাডেমি’তে ড্রাইভিং প্রশিক্ষণের পাশাপাশি ফ্রান্সের সড়ক আইন, ট্রাফিক সাইন, নিরাপদ গাড়ি চালানোর নিয়ম এবং তাত্ত্বিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রান্সে নতুন বসবাস শুরু করা ব্যক্তিদের পাশাপাশি দেশটির ড্রাইভিং ব্যবস্থার সঙ্গে অপরিচিত শিক্ষার্থীদের বিষয়গুলো সহজভাবে বোঝানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বাংলা ভাষাভাষীসহ বিভিন্ন দেশের মানুষের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়ার সুযোগও থাকবে।
ফ্রান্সে ড্রাইভিং লাইসেন্স অর্জনের প্রক্রিয়া অনেক অভিবাসীর কাছেই জটিল মনে হয়। প্রশিক্ষণ ও পরীক্ষার পাশাপাশি সড়ক আইন, ট্রাফিক বিধিমালা এবং বিভিন্ন প্রশাসনিক আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে এই প্রক্রিয়ায়। ভাষাগত সমস্যার কারণে নতুন অভিবাসীদের অনেকের জন্য এসব নিয়মকানুন বোঝা আরও কঠিন হয়ে পড়ে।
এ কারণে ‘ফ্রেঞ্চ একাডেমি’ ড্রাইভিং শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের ফ্রান্সের ড্রাইভিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করে তুলতে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব দিবে। তবে ড্রাইভিং লাইসেন্স অর্জনের ক্ষেত্রে ফ্রান্সের প্রচলিত আইন, সরকারি নিয়ম এবং নির্ধারিত পরীক্ষার প্রক্রিয়াই চূড়ান্তভাবে অনুসরণ করতে হবে।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মোহাম্মাদ ফয়সাল আহমেদ দীর্ঘদিন ধরে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে সমাজকর্মী ও সংগঠক হিসেবে কাজ করছেন। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সামাজিক ও সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে।
‘এইড পয়েন্ট’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্রান্সে বসবাসরত মানুষের বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সেবা গ্রহণে সহায়তা দিয়ে আসছেন তিনি। বিশেষ করে নতুন অভিবাসীদের প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার ড্রাইভিং প্রশিক্ষণ খাতে যুক্ত হলো তার নতুন উদ্যোগ ‘ফ্রেঞ্চ একাডেমি’।
প্যারিস ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের অনেকেই কর্মস্থলে যাতায়াতের জন্য দীর্ঘ সময় গণপরিবহনের ওপর নির্ভর করেন। বিভিন্ন পেশা ও ব্যবসার সঙ্গে যুক্ত অনেকের কাজের প্রয়োজনে নিয়মিত এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করতে হয়। ফলে ড্রাইভিং লাইসেন্স অর্জন তাদের দৈনন্দিন চলাচল সহজ করার পাশাপাশি কিছু ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও বাড়াতে পারে।
কমিউনিটির সদস্যদের মতে, বাংলাদেশি বংশোদ্ভূত একজন উদ্যোক্তার উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান হওয়ায় ‘ফ্রেঞ্চ একাডেমি’ অভিবাসীদের ভাষাগত ও সাংস্কৃতিক বাস্তবতা বোঝার ক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারে। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্সের ড্রাইভিং ব্যবস্থা, সড়ক আইন ও পরীক্ষার নিয়ম সহজভাবে তুলে ধরার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
তাদের মতে, প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ধরনের সেবা ও উদ্যোক্তা কার্যক্রমের ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করে। দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ড্রাইভিং প্রশিক্ষণের মতো প্রয়োজনীয় একটি সেবায় যুক্ত হওয়াকে অনেকেই কমিউনিটির জন্য সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছেন।
তবে প্রতিষ্ঠানটির সাফল্যের জন্য দক্ষ প্রশিক্ষণ, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর যোগাযোগের পাশাপাশি ফ্রান্সের সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্যোক্তার প্রত্যাশা, ভবিষ্যতে ‘ফ্রেঞ্চ একাডেমি’ প্যারিসের বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন দেশের মানুষের কাছে একটি আস্থাভাজন ড্রাইভিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করবে। একই সঙ্গে এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন সেবা ও উদ্যোক্তা কার্যক্রমের পরিধি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন কমিউনিটির সদস্যরা।





