ডাবলিনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত
- প্রবাসী সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও বাংলাদেশের ইতিবাচক
- ভাবমূর্তি তুলে ধরার প্রত্যয়

আয়ারল্যান্ডে বাংলা ভাষার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ড। গত ৮ নভেম্বর, রোববার, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রেডকাউ হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, প্রবাসে বাংলা সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের পেশাগত ঐক্য এবং দায়িত্বশীল সংবাদচর্চার পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের আত্মপ্রকাশকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্টি লিমেরিকের কাউন্সিলর আজাদ তালুকদার, অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের সভাপতি মো. মোস্তফা, সংগঠনটির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মোস্তাফিজুর রহমান, ডা. মিলন এবং আক্তার হোসেনসহ আমন্ত্রিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের বক্তব্যে প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা ও অর্জনগুলো যথাযথভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য পর্বে অনলাইনে বাংলাদেশ থেকে যুক্ত হন মহামান্য রাষ্ট্রপতির সহকারী প্রেস সেক্রেটারি হনাব মাহফুজুর রহমান, জাতীয় প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসাস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তিফাকের এডিটর জনাব আনোয়ার আল দীন এবং বাংলাদেশ ক্রইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক জনাব বাদশাহ মিয়া। অতিথিরা নবগঠিত কমিটির সভাপতি জাহিদ মমিন চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম সবুজসহ কমিটির অন্যান্য সদস্যকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন এই সংগঠন আয়ারল্যান্ডে বাংলা সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে একটি দায়িত্বশীল ও শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের অভিজ্ঞ ও প্রতিথযশা সাংবাদিক জাহিদ মমিন চৌধুরী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় গণমাধ্যমকর্মী সৈয়দ জুয়েল। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আয়ারল্যান্ডে বাংলা সাংবাদিকতার পরিচিত মুখ মাহিদুল ইসলাম সবুজ। কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুর রহিম ভুঁইয়া। যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আলম, কোষাধ্যক্ষ ওমর ফারুক নিউটন, দপ্তর সম্পাদক কবির আহমদ বাবুল এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মানিক মনিরুজ্জামান।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবুল খায়ের হাসান। সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দিলিপ বড়ুয়া, রিয়াদ তালুকদার, বেলাল আহমেদ, আরশাদ সুমন, সজল মিত্র রিচার্ড, কায়েস আহমেদ এবং আল আমিন হোসেন। অভিষেক অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হলে উপস্থিত অতিথিরা তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ড প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশটিতে কর্মরত বাংলা ভাষার সংবাদকর্মীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক উন্নয়ন, তথ্যের আদান-প্রদান এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশনের পরিবেশ তৈরি করতে সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, সাফল্য, সমস্যা এবং সম্ভাবনাগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
শুধু আয়ারল্যান্ডের স্থানীয় সংবাদ পরিবেশনের মধ্যে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চায় না সংগঠনটি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা, দেশের উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরা, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনমত গঠন এবং প্রবাসীদের অর্জন ও সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসে সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন সংবাদকর্মী শুধু সংবাদ পরিবেশন করেন না, বরং নিজ দেশের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় পরিচয় তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে কারণে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তাঁরা আশা প্রকাশ করেন, বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ড সাংবাদিকদের পারস্পরিক বিভেদ দূর করে একটি সুস্থ ও সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। তাঁরা বলেন, প্রবাসী সাংবাদিকদের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে বাংলা সাংবাদিকতার বিকাশ, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং কমিউনিটির কল্যাণে সংগঠনটি কাজ করে যাবে।
সংশ্লিষ্টদের মতে, বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের এই আনুষ্ঠানিক অভিষেক দেশটিতে বাংলা সাংবাদিকতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। নতুন নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টা, অভিজ্ঞতা ও পেশাগত নিষ্ঠার মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।



