জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি: আগামীর সময়
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, ‘উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’। ‘আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই মূলনীতিকে ধারণ করেই সরকার এগিয়ে যাচ্ছে।’’
‘দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে সুদৃঢ় জাতীয় ঐক্যের ভিত্তিতে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে’— বলে যোগ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের মানুষ মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এ পরিবেশেই জনগণ ধারাবাহিকভাবে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছে।’
দেশের শান্তিশৃঙ্খলা, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে সম্মিলিতভাবে দোয়া করারও আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে তারা বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকো এবং ডা. জুবাইদা রহমানের বাবার কবর জিয়ারত করেন।
এ ছাড়া পিলখানা হত্যাকাণ্ডে নিহত বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্য ও অন্যান্য শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তারা। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদসহ অন্যরা উপস্থিত ছিলেন।






