বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের বৈঠক
বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো ও বন্দর ব্যবস্থাপনার বিভিন্ন খাতে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। ঢাকায় সফররত সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী সৌদি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ভ্রাতৃপ্রতিম দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে সরকারের আগ্রহের কথা তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন নীতি ও সংস্কারের বিষয়ও উল্লেখ করেন।
সৌদি ভাইস মিনিস্টার বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে।’ তিনি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগে সৌদি আরবের আগ্রহের কথা জানান।
বৈঠকে সৌদি প্রতিনিধিদলে ছিলেন সৌদি বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী উপমন্ত্রী, সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক, রেড সি গেটওয়ে টার্মিনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত।
বাংলাদেশের পক্ষে বৈঠকে ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও যোগাযোগ এবং রেলপথবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে জানানো হয়, সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি লিমিটেড (আরএসজিটি) ২০২৪ সালের জুন থেকে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বাণিজ্যিকভাবে পরিচালনা করছে। আধুনিক কার্গো হ্যান্ডলিং ও ইয়ার্ড পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে আরএসজিটি সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি একটি বিস্তারিত কর্মপরিকল্পনাও উপস্থাপন করেছে।





